বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইরানের বিরুদ্ধে 'অবৈধ যুদ্ধের' জন্য ইসরায়েলই দায়ী: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০১:২২ পিএম

শেয়ার করুন:

ইরানের বিরুদ্ধে 'অবৈধ যুদ্ধের' জন্য ইসরায়েলই দায়ী: এরদোগান

ইরানের বিরুদ্ধে চলমান "অবৈধ যুদ্ধের" জন্য ইসরায়েলি সরকারই মূলত দায়ী বলে দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

রাজধানী আঙ্কারায় তার জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির সংসদীয় দলের এক সভায় ভাষণ দিতে গিয়ে বুধবার এরদোগান এ কথা বলেন।


বিজ্ঞাপন


তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এই অবৈধ যুদ্ধের জন্য ইসরায়েলি সরকারই প্রধানত দায়ী, যা শুধু আমাদের অঞ্চলকে একটি সংঘাতপূর্ণ অঞ্চলে পরিণত করেনি, বরং সমগ্র মানবজাতির ওপর একটি অর্থনৈতিক বোঝাও চাপিয়ে দিয়েছে।

তিনি বলেন, এটা ভুলে গেলে চলবে না যে, এই যুদ্ধে ঝরে পড়া রক্তের প্রতিটি ফোঁটা ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্বকে দীর্ঘায়িত করবে।

এরদোগান বলেন, এই অঞ্চলে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত তার প্রথম মাস পূর্ণ করেছে এবং ক্রমবর্ধমান হুমকি অব্যাহত রয়েছে। 

তিনি আরও বলেন, তুরস্কের অগ্রাধিকার হলো যুদ্ধের ক্ষতি থেকে দেশকে দূরে রাখা এবং যুদ্ধ তামানোর প্রচেষ্টা অব্যাহত রাখা।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, আমাদের অঞ্চলের অন্যতম প্রধান বিপদ হলো শুধু যুদ্ধের দীর্ঘায়নই নয়, বরং এর একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হওয়ার ঝুঁকিও রয়েছে।

কারণ জ্বালানি, পরিবহন খাত এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা দুর্ভাগ্যবশত এই আশঙ্কাকে বাড়িয়ে তুলছে।

তিনি বলেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসলামাবাদে সৌদি আরব, মিশর এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একটি চতুর্পক্ষীয় বৈঠকে অংশ নিয়েছিলেন, যেখানে যুদ্ধ বন্ধে আলোচনা করা হয়।

তিনি আরও যোগ করেন, জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার এবং জাতীয় গোয়েন্দা সংস্থার (এমআইটি) প্রধান ইব্রাহিম কালিনসহ অন্য কর্মকর্তারাও নিজ নিজ ক্ষেত্রে নিবিড় প্রচেষ্টা চালাচ্ছেন।

এরদোয়ান বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ বিশ্ব শান্তিকে বিনষ্ট করছে। তিনি জোর দিয়ে বলেন, এই অচলাবস্থা থেকে বেরিয়ে আসার জন্য কূটনীতি, সংলাপ এবং আপসই হলো সবচেয়ে বড় হাতিয়ার। তিনি চরমপন্থী দাবির ওপর জোর না দিয়ে সাধারণ ঐকমত্যে পৌঁছানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, আমরা আশা করি, আর কোনো রক্তপাত ছাড়াই শান্তির পথ উন্মুক্ত হবে এবং এ জন্য আমরা আমাদের সাধ্যমতো সবকিছু করে যাব।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর