বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

হরমুজ প্রণালী চালু করতে ৩৫ দেশ নিয়ে বসছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পিএম

শেয়ার করুন:

হরমুজ প্রণালী চালু করতে ৩৫ দেশ নিয়ে বসছে যুক্তরাজ্য
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম ব্যস্ত তেল পরিবহন পথ হরমুজ প্রণালি পুনরায় চালু করতে কূটনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা করতে ভার্চুয়াল বৈঠক ডাকছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এ বৈঠকের আয়োজন করবেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে প্রায় ৩৫টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।


বিজ্ঞাপন


গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সম্ভাব্য মাইনসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে কার্যত প্রণালিটি অবরুদ্ধ করে রেখেছে। এতে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে।

এর আগে ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মোকাবিলায় উত্তেজনা কমাতে চাপ দেওয়া এবং হরমুজ প্রণালি চালু নিশ্চিত করা জরুরি।

এদিকে হরমুজ প্রণালি ইরানের শত্রুদের জন্য বন্ধই থাকবে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সংস্থাটি জানায়, প্রণালিটি তাদের নৌবাহিনীর দৃঢ় নিয়ন্ত্রণে রয়েছে।


বিজ্ঞাপন


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশালে দাবি করেছেন, ইরান যুদ্ধবিরতির অনুরোধ করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলার পর সংঘাত শুরুর পর থেকেই ইরান কার্যত এই গুরুত্বপূর্ণ প্রণালিটি বন্ধ করে রেখেছে। শান্তিকালে বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হতো। বর্তমান পরিস্থিতিতে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

স্টারমার বলেন, এ বিষয়ে জনগণের কাছে খোলামেলা থাকতে হবে। প্রণালিটি পুনরায় চালু করা সহজ হবে না। বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও নেদারল্যান্ডসসহ যেসব দেশ সম্প্রতি হরমুজ প্রণালীর মধ্য দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করতে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে, তারাও অংশ নেবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাটো-সমালোচনার মধ্যেও জোটটির প্রতি সমর্থন জানান স্টারমার। তিনি বলেন, ন্যাটো বিশ্বের সবচেয়ে কার্যকর সামরিক জোট এবং বহু দশক ধরে এটি নিরাপত্তা নিশ্চিত করে আসছে। জোটটির প্রতি যুক্তরাজ্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

সম্প্রতি ট্রাম্প ন্যাটোকে কাগজের বাঘ বলে মন্তব্য করেছিলেন।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর