মার্কিন কংগ্রেসের মুসলিম নারী সদস্য ইলহান ওমর ট্রাম্প প্রশাসন সীমাহীন মিথ্যাচার করছে বলে দাবি করেছেন।
ইরানের বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, ইলহান ওমার উল্লেখ করেছেন যে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা প্রতিটি কাজে মিথ্যা বলছেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট এক ধ্বংসাত্মক আঘাতের মাধ্যমে সেই ভিত্তি ভেঙে দিয়েছেন যেটি আমেরিকাকে শক্তিশালী করে তুলবে বলে তিনি প্রায়ই প্রচার করছেন।
কংগ্রেস সদস্য আরও বলেন, ট্রাম্প প্রশাসন অবৈধভাবে কিউবা এবং গ্রিনল্যান্ডের মতো স্থান দখলকে স্বাভাবিকভাবে উপস্থাপন করছে।
ইলহান আরও বলেন, বর্তমানে তথাকথিত যুদ্ধবিরোধী ট্রাম্পের নেতৃত্বে আমরা ইরান, ভেনেজুয়েলা ও ইকুয়াডরে সামরিক কার্যক্রমের সাক্ষী হচ্ছি।
ইলহান ওমর ট্রাম্প প্রশাসনের কাজকে সীমাহীন ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করে বলেন, এটি এমন কিছু নয় যা আমেরিকার মানুষ সহ্য করতে পারে, কারণ যুক্তরাষ্ট্র রাজাদের দেশ নয়।
ট্রাম্পের নীতির প্রতি সমালোচনার ধারাবাহিকতায়, সুপরিচিত মার্কিন অভিনেতা রবার্ট ডি নিরো বলেছেন, এখন ডোনাল্ড ট্রাম্পকে “না” বলার সময় এসেছে।
তিনি বলেন, যথেষ্ট হয়েছে – অনর্থক যুদ্ধ যা আমাদের সম্পদ লুট করছে, আমাদের সেনা সদস্যদের জীবন দিতে হচ্ছে এবং নিরপরাধ মানুষদের হত্যা করছে।
দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব যা নিজেকে এবং এপস্টাইনের বন্ধুদের ধনী করছে – তার প্রতিও “না” বলার সময় এসেছে।
ডি নিরো জোর দিয়ে বলেন, ট্রাম্পকে থামাতে হবে। ট্রাম্প এই বিপর্যয়কর সব কাজ কংগ্রেস ও সরকারের সহযোগীদের ছাড়া করতে পারবে না। তারা তাদের চাকরি ও ক্ষমতা হারানোর ভয়ে তার প্রতি নির্ভরশীল।
-এমএমএস

