রোববার, ২৯ মার্চ, ২০২৬, ঢাকা

ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০১:০৫ পিএম

শেয়ার করুন:

ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র

ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট রোববার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে।

তারা বলেছে, মধ্যপ্রাচ্যে কয়েক হাজার সেনা জড়ো করা হয়েছে। আর এসব সেনা দিয়ে কয়েক সপ্তাহব্যাপী ইরানে স্থল হামলা চালানো হতে পারে। তবে এটি অন্য সাধারণ স্থল হামলার মতো হবে না।


বিজ্ঞাপন


সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, স্থল হামলার যে পরিকল্পনা করা হচ্ছে সেটি ‘যুদ্ধে নতুন ধাপ’ সৃষ্টি করতে পারে। যা মার্কিন সেনাদের জন্য যুদ্ধ শুরুর সময়ের চেয়ে আরো বেশি বিপজ্জনক হবে।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছেন, এই স্থল হামলা অন্য সাধারণ স্থল হামলার মতো হবে না। এর বদলে ইরানে স্পেশাল ফোর্স এবং কামান সেনারা রেইড দেবে।

তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সেনারা ড্রোন, মিসাইল এবং গুলির মুখে পড়তে পারেন বলে সতর্কতা দিয়েছেন এই কর্মকর্তারা।

এ ব্যাপারে প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজে যোগাযোগ করেছিল ওয়াশিংটন পোস্ট। সংবাদমাধ্যমটিকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট বলেছেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ হলো প্রস্তুতি নেওয়া। যেন কমান্ডার ইন চিফ (প্রেসিডেন্ট) সর্বোচ্চ সুবিধা নিতে পারেন। পরিকল্পনা করার অর্থ এই নয় যে প্রেসিডেন্ট ইতোমধ্যে স্থল হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।’


বিজ্ঞাপন


কোথায় হামলা হতে পারে?

স্থল হামলার সম্ভাব্য স্থান হিসেবে খারগ দ্বীপকে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এটি হরমুজ প্রণালির কাছে অবস্থিত একটি দ্বীপ। যেখান থেকে ইরান তাদের ৯০ শতাংশ অপরিশোধিত তেল রফতানি করে। হরমুজ দিয়ে যেন নির্বিঘ্নে জাহাজ চলাচল করতে পারে সেটি নিশ্চিত করতে এই দ্বীপটি টার্গেট করা হতে পারে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, সম্ভাব্য এ স্থল হামলার মেয়াদ কয়েক সপ্তাহ হতে পারে। তবে আরেকটি সূত্র বলেছেন, এটি কয়েক মাস ধরে চলতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৩ মার্কিন সেনা নিহত ও প্রায় ৩০০ জন আহত হয়েছেন।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর