শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ঢাকা

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো ড্রোন বোট নামাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০৩:২২ এএম

শেয়ার করুন:

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো ড্রোন বোট নামাল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে প্রথমবারের মতো চালকবিহীন ড্রোন স্পিডবোট মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সক্রিয় সংঘাতে এ ধরনের নৌযান ব্যবহারের কথা এই প্রথম আনুষ্ঠানিকভাবে স্বীকার করল ওয়াশিংটন।

পেন্টাগন জানায়, মেরিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ব্ল্যাকসি-এর তৈরি ‘গ্লোবাল অটোনোমাস রিকনেসান্স ক্রাফট’ (জিএআরসি) নামের এসব নৌযান ‘অপারেশন এপিক ফিউরি’র অংশ হিসেবে টহল দিচ্ছে।


বিজ্ঞাপন


মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিন্স এক বিবৃতিতে বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে চালকবিহীন বিভিন্ন সিস্টেম ব্যবহার করছে, যার মধ্যে জিএআরসি-এর মতো সারফেস ড্রোনও রয়েছে। এই প্ল্যাটফর্মটি ইতিমধ্যে ৪৫০ ঘণ্টার বেশি সময় সমুদ্রে টহল দিয়েছে এবং ২,২০০ নটিক্যাল মাইলের বেশি পথ অতিক্রম করেছে।’

তবে আর কোন কোন ড্রোন ব্যবহৃত হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

আরও পড়ুন: ইসরায়েলের পক্ষে যুদ্ধে নামার হুমকি উগান্ডা সেনাপ্রধানের

রয়টার্স জানায়, এই ড্রোন বোটগুলো নজরদারির পাশাপাশি আত্মঘাতী হামলায় ব্যবহারের সক্ষমতা রাখে। ইউক্রেন যুদ্ধে বিস্ফোরকবাহী ড্রোন বোট ব্যবহারের পর এই প্রযুক্তির গুরুত্ব বাড়ে।


বিজ্ঞাপন


প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গত এক মাসে অন্তত দুইবার ইরান পারস্য উপসাগরে তেলবাহী জাহাজে সমুদ্র ড্রোন ব্যবহার করেছে। তবে যুক্তরাষ্ট্র এসব ড্রোন আক্রমণাত্মকভাবে ব্যবহার করেছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

স্বয়ংক্রিয় নৌবহর গড়ে তোলার ক্ষেত্রে মার্কিন নৌবাহিনী দীর্ঘদিন ধরেই নানা কারিগরি চ্যালেঞ্জের মুখে রয়েছে। ব্যয় বৃদ্ধি ও পরীক্ষায় ব্যর্থতার কারণে এই কর্মসূচি পিছিয়ে পড়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, প্রায় পাঁচ মিটার দৈর্ঘ্যের জিএআরসি নৌযানটি পরীক্ষার সময় একাধিক সমস্যায় পড়ে এবং একবার অন্য একটি নৌযানের সঙ্গে সংঘর্ষেও জড়ায়। সাম্প্রতিক এক পরীক্ষায় মধ্যপ্রাচ্যে একটি বোট অচল হয়ে পড়ার ঘটনাও ঘটেছে বলে একটি সূত্র জানিয়েছে।

পেন্টাগনের মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি না হলেও বলেন, ‘জিএআরসি একটি উদীয়মান সক্ষমতা এবং এটি মার্কিন পঞ্চম নৌবহরের ড্রোন বহরের অংশ, যা আঞ্চলিক জলসীমায় পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বাড়াতে ব্যবহৃত হচ্ছে।’

সূত্র: রয়টার্স 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর