ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবের আকাশ মঙ্গলবার ঢেকে যায় কাকের বিশাল ঝাঁকে। শহরের আকাশচুম্বী ভবনগুলো, বিশেষ করে আইকনিক আজরিয়েলি টাওয়ারের চারপাশে ঘূর্ণায়মান হাজার হাজার কাকের এই দৃশ্য অনলাইনে দ্রুত ভাইরাল হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে অনেকেই এই বিরল দৃশ্যকে বড় কোনো বিপর্যয়ের ‘অশুভ সংকেত’ হিসেবে দেখছেন।
ভবিষ্যদ্বাণী ও জনমনে আতঙ্ক
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কাকের বিশাল ঝাঁক আকাশে কালো মেঘের মতো বিচরণ করছে। অনেকে একে বাইবেলের ‘প্রকাশিত বাক্য’ (Revelation 19:17)-এর বর্ণনার সাথে তুলনা করেছেন। সেখানে উল্লেখ আছে- ঈশ্বর বড় কোনো ধ্বংসযজ্ঞের আগে পাখিদের একত্রিত হওয়ার আহ্বান জানাবেন।
এক ব্যবহারকারী লিখেছেন, ‘এটি সভ্যতার ইতিহাসে ভয়াবহতম অশুভ লক্ষণ।’ প্রাচীন রোমেও পুরোহিতরা পাখির ওড়াউড়ি ও ডাক পর্যবেক্ষণ করে যুদ্ধ বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন।
এছাড়া লন্ডনের ‘টাওয়ার অব লন্ডন’-এর কাকদের নিয়ে প্রচলিত লোকগাথাও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে এসেছে; যেখানে বিশ্বাস করা হয়, কাকগুলো দুর্গ ত্যাগ করলে ব্রিটিশ রাজতন্ত্রের পতন ঘটবে।
বিজ্ঞানীদের ব্যাখ্যা
তবে বিজ্ঞানীরা বলছেন, এটি কোনো অতিপ্রাকৃত বা অলৌকিক ঘটনা নয়। পক্ষীবিদদের মতে, এটি একটি নিয়মিত ঋতুভিত্তিক অভিবাসন প্রক্রিয়া। ইসরায়েল বিশ্বের অন্যতম ব্যস্ত ‘বার্ড ফ্লাইওয়ে’ বা পাখিদের যাতায়াত পথের ওপর অবস্থিত। প্রতি বছর বসন্তকালে প্রায় ৫০ কোটি পাখি এই অঞ্চলের ওপর দিয়ে উড়ে যায়। বিশেষ করে মার্চ মাসে ‘হুডেড ক্রো’ বা ধূসর ঘাড়ের কাকগুলো প্রজনন মৌসুম এবং পরিবেশগত কারণে দলবদ্ধভাবে অবস্থান পরিবর্তন করে থাকে।
চলমান ইরান-ইসরায়েল সংঘাত
কাকের এই অস্বাভাবিক উপস্থিতি এমন এক সময়ে লক্ষ্য করা গেল, যখন ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে। ডেইলি মেইলের প্রতিবেদন অনুসারে, উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের ১,০০০-এরও বেশি সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন। যদিও কূটনৈতিক আলোচনার কথা বলা হচ্ছে, তবে ইরানের পক্ষ থেকে অগ্রগতির দাবি নাকচ করে দেওয়া হয়েছে।
যুদ্ধের ভয়াবহ প্রভাব
গত চার সপ্তাহে মধ্যপ্রাচ্যে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। ইরান রেড ক্রিসেন্টের তথ্যমতে, ইরান ও ইসরায়েলি পাল্টাপাল্টি হামলায় ইরানে ১,২০০ জনের মৃত্যু হয়েছে। লেবাননে নিহতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে, আর ইসরায়েলে প্রাণ হারিয়েছেন ১৭ জন। এ ছাড়া এই যুদ্ধে ১৩ জন মার্কিন সেনাও নিহত হয়েছেন।
তেলআবিবের আকাশে কাকের এই অস্বাভাবিক জমায়েত সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান বনাম বিশ্বাসের নতুন বিতর্ক উসকে দিয়েছে। যদিও বিজ্ঞানীরা একে প্রাকৃতিক প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছেন, তবে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের মানুষের মনে এটি এক অজানা আশঙ্কার জন্ম দিয়েছে।
সূত্র: ডেইলি মেইল

