যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব হাতে পাওয়ার কথা নিশ্চিত করেছেন ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। পাকিস্তান যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে বলে জানান তিনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাবের তেহরান এখনও প্রস্তাবটি পর্যালোচনা করছে। তবে এ বিষয়ে ইরানের প্রাথমিক প্রতিক্রিয়া ‘ইতিবাচক’ নয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, তেহরানের প্রাথমিক প্রতিক্রিয়া ওয়াশিংটনে পৌঁছে দেওয়ার জন্য পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছে। তেহরান প্রকাশ্যে কোনও আলোচনার খবর অস্বীকার এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে কোনও চুক্তি করবে না বলে জানালেও পর্দার আড়ালে তারা কূটনৈতিক প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। পাকিস্তানের কাছ থেকে মার্কিন প্রস্তাব গ্রহণ করা সেটিরই বিরল লক্ষণ।
এদিকে একটি উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র আল জাজিরাকে নিশ্চিত করেছে, তেহরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫-দফা পরিকল্পনাটি পেয়েছে, তবে এটিকে “অত্যন্ত চরমপন্থী ও অযৌক্তিক” বলে বর্ণনা করেছে।
সূত্রটি আরও জানিয়েছে, গণমাধ্যমের প্রতিবেদনে প্রস্তাবটির ১৫ দফার মূল বিষয়বস্তুকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি।
রয়টার্সের প্রতিবেদনও বলা হয়, ইরানি সূত্রটি যুদ্ধবিরতি প্রস্তাবের ব্যাপারে বিস্তারিত জানাননি। গণমাধ্যমে প্রকাশিত ১৫ দফা যুক্তরাষ্ট্রের প্রস্তাবের সঙ্গে এটি একই কি না, সেটাও নিশ্চিত করেননি। তবে তুরস্ক যুদ্ধ থামাতে ভূমিকা রাখছে এবং সম্ভাব্য আলোচনার স্থান হিসেবে তুরস্ক বা পাকিস্তান—দুটিই বিবেচনায় আছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
এদিকে পাকিস্তানের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা মার্কিন প্রস্তাবটি ইরানের কাছে পৌঁছে দিয়েছে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
তবে এখন পর্যন্ত ইরানি পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি, কিংবা আলোচনার জন্য কোনো নিশ্চিত তারিখ বা স্থানও জানানো হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানি কর্মকর্তা।
এছাড়াও ইসরায়েলি মন্ত্রিসভার তিনটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভাকে মার্কিন প্রস্তাবটি সম্পর্কে অবহিত করা হয়েছে।
এরআগে গত মঙ্গলবার কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনায় ইরানকে তার তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলতে এবং ইরানের মাটিতে যেকোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে বলা হয়েছে। এতে তেহরানকে তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত করতে, প্রক্সিদের প্রতি সমর্থন কমাতে এবং হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে পুনরায় খুলে দিতেও আহ্বান জানানো হয়েছে।
সূত্র: রয়টার্স, আলজাজিরা
এমএইচআর

