ইরানের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্রকে ‘অচল’ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে আরব উপসাগরে থাকা সব মার্কিন জাহাজকে ডুবিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী।
মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উচ্চপদস্থ কর্মকর্তা ও দেশটির প্রভাবশালী ‘এক্সপেডিয়েন্সি ডিসসার্নমেন্ট কাউন্সিলের সদস্য মহসেন রেজায়ি ওই হুমকি দিয়েছেন।
বিজ্ঞাপন
আইআরজিসি এই কর্মকর্তা আরও বলেছেন, ‘যুক্তরাষ্ট্রকে রক্ষার শেষ সময় ঘনিয়ে আসছে এবং এই অচলাবস্থা থেকে তাদেরকে উদ্ধার করার জন্য খুব বেশি সময় বাকি নেই।’
কবে কীভাবে যুক্তরাষ্ট্রকে ‘অচল’ করে দেওয়ার জন্য কী পদক্ষে নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত জানাননি মহসেন রেজায়ি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা দিয়েছিলেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে পাঁচ দিন কোনও হামলা চালানো হবে না। কিন্তু সেই প্রতিশ্রুতির কয়েক ঘণ্টার মধ্যেই ইসফাহানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান।
ইরানের আধাসরকারি সংবাদসংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসফাহান প্রদেশ এবং খোরমশহরের দক্ষিণ-পশ্চিমে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল।
বিজ্ঞাপন
আল-জাজিরা জানিয়েছে, ইসফাহান প্রদেশের একটি গ্যাস উৎপাদন সংস্থায় হামলা চালানো হয়েছে। ওই সংস্থাটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ওই সংস্থার আশপাশে বসতি এলাকার একাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় খোরমশহরের বিদ্যুৎকেন্দ্রের উপর সরাসরি প্রভাব পড়েছে।
ইরাক এবং কুয়েতের সীমান্তলাগোয়া এই শহরে হামলা ট্রাম্পের প্রতিশ্রুতিকে প্রশ্নের মুখে ফেলে দিল বলে মনে করা হচ্ছে।
ফার্স নিউজে আরও দাবি করা হয়েছে, মঙ্গলবার ভোরে ইরানের দু’টি বিদ্যুৎকেন্দ্রে বোমাবর্ষণ করা হয়েছে। যদিও ইরানের এই দাবি নিয়ে এখনো মুখ খোলেনি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল। দুই দেশের কেউই এই হামলার দায় স্বীকার করেনি।
প্রসঙ্গত, সোমবার মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এর প্রেক্ষিতেই আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা স্থগিতের ঘোষণা দেন তিনি।
এর আগে গত শনিবার হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলিতে হামলা চালানোর হুমকি দেন ট্রাম্প। ৪৮ ঘণ্টা সময়ও বেঁধে দেন। সোমবার সেই সময়সীমা শেষ হয়।
সূত্র: আলজাজিরা
এমএইচআর

