মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ঢাকা

৮ এপ্রিল দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান!

এম এম সালাহউদ্দিন
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৩:০২ পিএম

শেয়ার করুন:

 ৮ এপ্রিল দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান!

শেষ মুহূর্তে কোনও পরিবর্তন না হলে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। 

যদিও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি নয়াদিল্লি বা ঢাকা। কিন্তু এখন পর্যন্ত স্থির রয়েছে, আগামী ৮ এপ্রিল দিল্লি যেতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। 


বিজ্ঞাপন


খলিলুর রহমানের এ সফরই হবে বাংলাদেশের নতুন সরকারের পক্ষ থেকে প্রথম কোনও মন্ত্রীর ভারত সফর।

গত শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। 

সেই বৈঠকে এ বিষয়ে কথা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথমে ভুটান অথবা মলদ্বীপ সফরে যাওয়ার কথা। এর পর তিনি নয়াদিল্লি সফর করবেন। 

তার আগে খলিলুর রহমানের সফরে জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে। সেখানে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, জ্বালানি ও বিদ্যুৎ খাতে সমন্বয়, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক সংযোগ ও পরিকাঠামো উন্নয়ন, পানি বণ্টনসহ বিভিন্ন বিষয় উঠতে পারে।


বিজ্ঞাপন


প্রসঙ্গত, এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্স’-এ যোগ দিতে মরিশাস যাওয়ারও কথা রয়েছে খলিলুর রহমানের। 

পাশাপাশি জয়শঙ্করও ওই সম্মেলনে যাবেন। সেই সফরের আগে নয়াদিল্লিতে দুই মন্ত্রী নিজেদের মধ্যে আলোচনা সারবেন।

প্রসঙ্গত, বাংলাদেশের নতুন মন্ত্রিসভায় ভারতের জন্য সবচেয়ে বড় চমক ছিল পররাষ্ট্রমন্ত্রী বাছাই। পেশায় প্রকৌশলী খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করায় অবাক হয়েছিল নয়াদিল্লি। মনে করা হয়েছিল ইউনূস সরকারের একটা ছাপ এই সরকারে থেকে গেল। 

খলিলুর রহমান ছিলেন ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা। তবে এই বার্তাও মোদি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কাজ এগিয়ে যেতে আগ্রহী ভারত। 

সে ক্ষেত্রে খলিলুরের সঙ্গে জয়শঙ্করের প্রথম বৈঠক কেমন হয়, সে দিকে নজর রাখছে কূটনৈতিক মহল।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর