সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ঢাকা

এবার পুরো পারস্য উপসাগরে মাইন বসানোর হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৫:২৭ পিএম

শেয়ার করুন:

এবার পুরো পারস্য উপসাগরে মাইন বসানোর হুমকি ইরানের

ইরানের দক্ষিণ উপকূল ও দ্বীপপুঞ্জে যেকোনো হামলা হলে পুরো পারস্য উপসাগর মাইন পেতে অবরুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

সোমবার (২৩ মার্চ) রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের ডিফেন্স কাউন্সিল (প্রতিরক্ষা পরিষদ) বলেছে, ‘ইরানের উপকূল বা দ্বীপে কোনো শত্রুপক্ষ হামলার চেষ্টা করলে পারস্য উপসাগর ও উপকূলজুড়ে সব প্রবেশপথ ও যোগাযোগের রুটে বিভিন্ন ধরনের নৌ মাইন পেতে দেওয়া হবে, যার মধ্যে উপকূল থেকে নিক্ষেপযোগ্য ভাসমান মাইনও অন্তর্ভুক্ত থাকবে।’


বিজ্ঞাপন


এতে কার্যত পুরো পারস্য উপসাগর অচল হয়ে পড়বে বলে উল্লেখ করে প্রতিরক্ষা পরিষদ আরও হুশিয়ারি দিয়েছে, “১৯৮০-এর দশকে ১০০টিরও বেশি মাইনসুইপারের কয়েকটি সামুদ্রিক মাইন অপসারণে ব্যর্থতার কথা ভুলে যাওয়া উচিত নয়। এমন পরিস্থিতির দায় ‘হুমকি প্রদানকারী পক্ষকেই’ নিতে হবে।” 

বিবৃতি আরও বলা হয়, ‘যুদ্ধরত নয় এমন দেশগুলোর জন্য হরমুজ প্রণালি দিয়ে চলাচলের একমাত্র উপায় হলো ইরানের সঙ্গে সমন্বয় করা’।

প্রসঙ্গত, হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা আজ রাতে শেষ হচ্ছে। এর কয়েক ঘণ্টা আগেই পারস্য সাগরে মাইন বসানোর হুমকি দিলো ইরান। 

এর আগে রোববার সন্ধ্যায় ট্রাম্প বলেন, ‘যদি ইরান ঠিক এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে খুলে না দেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে আঘাত হেনে সেগুলোকে নিশ্চিহ্ন করে দেবে এবং শুরুটা হবে সবচেয়ে বড়টি দিয়ে!।’ 


বিজ্ঞাপন


জবাবে তেহরান জানিয়েছে, তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট গালফ দেশের জ্বালানি স্থাপনায় হামলা করবে ইরান।

দেশটির পার্লামেন্টের স্পিকার হুশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি হামলা করে, তাহলে গালফ অঞ্চলের দেশগুলোর জরুরি অবকাঠামোতে ‘অপূরণীয় ধ্বংসযজ্ঞ’ চালানো হবে।

সূত্র: রয়টার্স, বিবিসি

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর