যুক্তরাষ্ট্র ও ইরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লা আলী খামেনির মৃত্যুর পর গত ৯ই মার্চ আনুষ্ঠানিকভাবে মোজতবা খামেনিকে দেশটির তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে ইরান। তবে সেই হামলার পর থেকে মোজতবা খামেনিকে এখনো জনসমক্ষে দেখা যায়নি।
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলের মোসাদসহ বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থা শুক্রবার অপেক্ষা করছিল এটা দেখার জন্য, মোজতবা তার বাবার ঐতিহ্য অনুসরণ করে ফার্সি নববর্ষ নওরোজ উপলক্ষে কোনো ভাষণ দেবেন কি না। তবে, তার পক্ষ থেকে কেবল একটি লিখিত বিবৃতি আসে, যা তার অবস্থান ও স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে রহস্যকে আরও ঘনীভূত করে।
বিজ্ঞাপন
মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের একটি প্রতিবেদন অনুসারে, মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দাদের কাছে মোজাতবার জীবিত থাকার প্রমাণ রয়েছে, যেমন ইরানি কর্মকর্তারা তার সাথে বৈঠকের সময় নির্ধারণের চেষ্টা করছেন।
একজন ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন, ‘আমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যে তিনিই (মোজতবা) আসলেই কোনো নির্দেশ দিচ্ছেন।’
একজন মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন, ‘বিষয়টা অদ্ভুতের চেয়েও বেশি কিছু। আমরা মনে করি না যে ইরানিরা একজন মৃত ব্যক্তিকে সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিতে এত কষ্ট করবে, কিন্তু একই সাথে, তিনি যে দায়িত্ব নিচ্ছেন তারও কোনো প্রমাণ আমাদের কাছে নেই।’
মোজতবার টেলিগ্রাম চ্যানেলে নতুন বছর ও ঈদুল ফিতর উপলক্ষে তার কিছু ছবিসহ একটি লিখিত বার্তা প্রকাশিত হওয়ার বিষয়ে আরেকজন মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, ছবিগুলো সাম্প্রতিক কিনা তা সিআইএ খুঁজে বের করার চেষ্টা করছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘আমরা মোজতবা খামেনিকেও কোনো না কোনোভাবে দেখতে পাওয়ার আশা করেছিলাম। তিনি এই সুযোগ ও ঐতিহ্যের সদ্ব্যবহার করেননি। এটি একটি বড় বিপদ সংকেত।’
বিশেষজ্ঞরা বলছেন, যদিও ইরানের নতুন সর্বোচ্চ নেতা জনসমক্ষে অনুপস্থিতি একটি রহস্যই রয়ে গেছে, তবে এর কারণ নিরাপত্তাজনিত উদ্বেগও হতে পারে।
তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের ইরান প্রোগ্রামের পরিচালক রাজ জিম্মত অ্যাক্সিওসকে বলেছেন, ‘আঘাত এবং নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে মোজতবার পক্ষে তার কর্তৃত্ব পুরোপুরি প্রয়োগ করা কঠিন হয়ে পড়লেও, তিনি যে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন তার কোনো প্রমাণ নেই’।
তিনি আরও বলেন, ‘বর্তমান এই ব্যতিক্রমী পরিস্থিতিতে তার জনসমক্ষে আসার আশা করা উচিত নয় এবং এমনও হতে পারে যে, তার আঘাতের কারণে তিনি একটি ধারণকৃত ভিডিও প্রকাশ করতেও পারবেন না, যাতে তার অবস্থার ভয়াবহতা জনসাধারণের সামনে প্রকাশ না পায়।’
এমএইচআর

