দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আবারও ক্ষতিগ্রস্ত হলো ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ। খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার।
শনিবার (২১ মার্চ) এই হামলা চালানো হয়, যেটিকে আন্তর্জাতিক আইন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এবং অন্যান্য পারমাণবিক নিরাপত্তা বিধিমালার স্পষ্ট লঙ্ঘন বলছে ইরান।
বিজ্ঞাপন
চলমান এই সংঘাতের প্রথম সপ্তাহেই নাতানজ স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তৎকালীন স্যাটেলাইট চিত্রে বেশ কিছু ভবন বিধ্বস্ত হওয়ার প্রমাণ পাওয়া গিয়েছিল। সেখানে ফের হামলা চালানো হলো।
ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, নাতানজের শহীদ আহমদী রোশান সমৃদ্ধকরণ কেন্দ্রে এই ‘অপরাধমূলক হামলা’ চালানো হয়েছে।
তেহরান থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই কৌশলগত স্থাপনাটি এর আগেও ২০২৫ সালের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনব্যাপী যুদ্ধের সময় ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছিল এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রও সেখানে হামলা চালায়।
তিন দেশের এই সংঘাত তিন সপ্তাহে পদার্পণ করলেও থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। শনিবার সকালেও ইরান তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে বলে দাবি ইসরায়েলের।
বিজ্ঞাপন
এএইচ

