সোমবার, ১৮ মে, ২০২৬, ঢাকা

মার্কিন যুদ্ধবিমানকে অবতরণের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ০৬:৪১ এএম

শেয়ার করুন:

মার্কিন যুদ্ধবিমানকে অবতরণের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা

যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমানকে শ্রীলঙ্কার বেসামরিক বিমানবন্দরে অবতরণের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকে।

শুক্রবার (২০ মার্চ) পার্লামেন্টে তিনি বলেন, গত ৪ থেকে ৮ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলোকে দেশটির দক্ষিণাঞ্চলের মত্তলা রাজাপাকসে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি চেয়েছিল। অনুরোধটি করা হয়েছিল ২৬ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শুরু করার দুই দিন আগে। 


বিজ্ঞাপন


দিশানায়েকে জানান, ‘যুদ্ধবিমানগুলো জিবুতির একটি ঘাঁটি থেকে আটটি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সজ্জিত দুটি যুদ্ধবিমান আনতে চেয়েছিল। কিন্তু শ্রীলঙ্কার নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়’।

তিনি আরও বলেন, একই সময়ে ইরান-ও তাদের তিনটি নৌযান শ্রীলঙ্কায় পাঠানোর অনুমতি চেয়েছিল। তবে সংঘাত বৃদ্ধির লক্ষণ দেখা দেওয়ায় সেটিও প্রত্যাখ্যান করা হয়েছে। কারণ কোনো পক্ষের প্রতি ঝুঁকে না থেকে নিরপেক্ষ অবস্থান বজায় রাখছে লঙ্কান সরকার।

প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, “আমাদের সামনে দুটি অনুরোধ থাকায় সিদ্ধান্তটি স্পষ্ট ছিল, আমরা যদি ইরানকে ‘হ্যাঁ’ বলতাম, তাহলে আমাদের যুক্তরাষ্ট্রকেও ‘হ্যাঁ’ বলতে হতো”।

এদিকে শুক্রবার বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি সুরক্ষায় ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।


বিজ্ঞাপন


ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানিয়েছে, ব্রিটিশ মন্ত্রীসভার সদস্যরা ইরানের সঙ্গে যুদ্ধ এবং হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ নিয়ে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজে হামলার কাজে ব্যবহৃত সক্ষমতাগুলোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র এখন ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে পারবে—এ বিষয়ে মন্ত্রীরা একমত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাজ্য সরাসরি কোনো হামলায় অংশ নেবে না এবং তাদের নীতি অপরিবর্তিত থাকবে। যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হলেও এটি শুধুই সম্মিলিত প্রতিরক্ষামূলক সহায়তার অংশ।

এরআগে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার প্রাথমিকভাবে ইরানের ওপর হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করে ছিলেন। 

সূত্র: আলজাজিরা


এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর