ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধজাহাজ এবং অতিরিক্ত কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিজ্ঞাপন
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানে সরাসরি স্থলসেনা পাঠানোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ভবিষ্যৎ সামরিক অভিযানের সক্ষমতা বাড়াতে এই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হচ্ছে।
একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ক্যালিফোর্নিয়া-ভিত্তিক যুদ্ধ জাহাজ ইউএসএস বক্সার এবং ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের প্রায় আড়াই হাজার মেরিন সেনা মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছেন। নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই পশ্চিম উপকূল থেকে সরিয়ে এনে তাদের মোতায়েন করা হচ্ছে।
এদিকে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, “তিনি ‘কোথাও’ সেনা মোতায়েন করছেন না, তবে যদি তা করেনও, তিনি সাংবাদিকদের জানাবেন না”।
রয়টার্স বলছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। নতুন বাহিনী যুক্ত হলে সেখানে মেরিন এক্সপিডিশনারি ইউনিটের সংখ্যা বেড়ে দুইটিতে দাঁড়াবে। সাধারণত প্রতিটি ইউনিটে প্রায় আড়াই হাজার সদস্য থাকে, যারা সমুদ্র থেকে বিমান হামলা বা স্থল অভিযানে দক্ষ।
বিজ্ঞাপন
এরআগে গত ১১ মার্চ জাপানের ওকিনাওয়া থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’। উভচর এই যুদ্ধজাহাজটি দুই হাজারে বেশি মেরিন সেনা ও নাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা।
পরিকল্পনা সম্পর্কে অবগত তিনজন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়- পেন্টাগনের নির্দেশে ‘ইউএসএস ত্রিপোলি’ জাহাজটি যুক্তরাষ্ট্রের ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের (এমইইউ) ২ হাজার ২০০ সদস্যের একটি দ্রুত-প্রতিক্রিয়াশীল বাহিনীকে বহন করছে বলে ধারণা করা হচ্ছে, যারা সমুদ্র ও স্থল অভিযানের জন্য বিশেষভাবে পরিচিত।
কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, যুদ্ধজাহাজটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে, তবে এটিকে ঠিক কোথায় মোতায়েন করা হবে বা কী কাজে ব্যবহার করা হবে, তা প্রকাশ করেননি তারা।
Marinetraffic.com-এর তথ্য অনুযায়ী, যুদ্ধজাহাজ ত্রিপোলি গত মঙ্গলবার সকালে দক্ষিণ চীন সাগরের মধ্য দিয়ে প্রায় ২২ মাইল প্রতি ঘণ্টা গতিতে সিঙ্গাপুরের কাছে মালাক্কা প্রণালীর দিকে এগিয়ে যাচ্ছিল।
প্রায় ৮৫০ ফুট দীর্ঘ এবং ৪৫ হাজার টন ওজনের যুদ্ধজাহাজ ত্রিপোলি মূলত একটি ছোট বিমানবাহী রণতরী। এটি এফ-৩৫ স্টেলথ ফাইটার, এমভি-২২ অসপ্রে পরিবহন বিমান এবং সৈন্য অবতরণের জন্য ল্যান্ডিং ক্রাফট বহন করে। জাপানের সাসেবোতে জাহাজটির প্রধানঘাঁটি রয়েছে।
সূত্র: রয়টার্স, বিবিসি
এমএইচআর

