ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বিরোধিতা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তা জো কেন্ট পদত্যাগ করেছেন। জাতীয় সন্ত্রাসবাদবিরোধী কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা তার পদত্যাগপত্রে ট্রাম্পের বর্তমান নীতিকে ‘ইসরায়েলি লবির চাপ’ এবং ‘ভুল সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা পদত্যাগপত্রে জো কেন্ট সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ‘নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে আমি ইরানে চলমান এই যুদ্ধের প্রতি সমর্থন দিতে পারছি না। ইরান আমাদের দেশের জন্য কোনো আসন্ন হুমকি ছিল না। এটি এখন স্পষ্ট যে, ইসরায়েল এবং তাদের শক্তিশালী মার্কিন লবির চাপেই আমরা এই যুদ্ধে জড়িয়েছি।’
বিজ্ঞাপন
চিঠিতে কেন্ট আরও উল্লেখ করেন যে, উচ্চপদস্থ ইসরায়েলি কর্মকর্তা এবং মার্কিন সংবাদমাধ্যমের প্রভাবশালী সদস্যরা একটি সুপরিকল্পিত অপপ্রচারের মাধ্যমে ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে ক্ষতিগ্রস্ত করেছেন। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলিরা ঠিক একই কৌশল ব্যবহার করে আগে আমাদের ইরাক যুদ্ধে টেনে নিয়ে গিয়েছিল, যেখানে হাজার হাজার মার্কিন নাগরিক প্রাণ হারিয়েছেন।
নিজের ব্যক্তিগত ত্যাগের কথা মনে করিয়ে দিয়ে কেন্ট লেখেন, ‘১১ বার যুদ্ধের ময়দানে দায়িত্ব পালন করা একজন অভিজ্ঞ সৈনিক এবং একজন ‘গোল্ড স্টার’ স্বামী হিসেবে—যে তার প্রিয়তমা স্ত্রী শ্যাননকে ইসরায়েলের প্ররোচিত এক যুদ্ধে হারিয়েছে আমি পরবর্তী প্রজন্মকে এমন এক যুদ্ধে লড়তে বা মরতে পাঠাতে পারি না, যা আমেরিকান জনগণের কোনো কল্যাণে আসবে না।’
সবশেষে তিনি ট্রাম্পকে তার সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, ‘আমি প্রার্থনা করি, আমরা ইরানে কী করছি এবং কাদের স্বার্থে করছি, সে বিষয়ে আপনি আবারও ভেবে দেখবেন। এখন সাহসী পদক্ষেপ নেওয়ার সময়।’
জো কেন্টের এই পদত্যাগ এবং সরাসরি অভিযোগ ট্রাম্প প্রশাসনের ভেতর বড় ধরনের বিতর্ক সৃষ্টি করেছে।
বিজ্ঞাপন
/একেবি/

