রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

মমতার বিরুদ্ধে ভবানীপুরে প্রার্থী শুভেন্দু, লড়বেন নন্দীগ্রামেও

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

মমতার বিরুদ্ধে ভবানীপুরে প্রার্থী শুভেন্দু, লড়বেন নন্দীগ্রামেও

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে এবার নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনেই রাজ্য বিজেপি প্রধান শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছে ভারতের কেন্ত্রীয় শাসক দলটি। এর মধ্যে ভবানীপুর আসনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন তিনি। 

২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী হয়ে চমক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী হওয়ার ব্যাপারে বহুদিন আগে থেকেই আগ্রহ দেখাচ্ছিলেন শুভেন্দু। বারবার প্রকাশ্যে সে কথা বলছিলেন। ভবানীপুরে ভোটার তালিকার সংশোধনের ব্যাপারেও তাকে সক্রিয় দেখা যায়।


বিজ্ঞাপন


গত সপ্তাহে দিল্লিতে যখন বিজেপির প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয়, তখন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দুজনেই আলাদা করে ভবানীপুরের ব্যাপারে শুভেন্দুকে প্রশ্ন করেছিলেন। শুভেন্দু তখনও বলেছিলেন, ‘উপযুক্ত কাউকে না পেলে আমাকে লড়তে দিন। আমি লড়ব’। 

সূত্রের খবর, এর পর এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন অমিত শাহ। মোদির থেকে সবুজ সংকেত নেন। তার পর শুভেন্দুকে আলাদা করে তা জানিয়েও দেন অমিত শাহ।

রোববার ভোটের তফসিল প্রকাশ করে ভারতের নির্বাচন কমিশন। তা দেখেও উচ্ছ্বসিত ছিলেন শুভেন্দু। তার কারণ, এবার প্রথম দফার নির্বাচনে ভোট হবে নন্দীগ্রামে। দ্বিতীয় দফায় ভোট হবে ভবানীপুরে। অর্থাৎ নন্দীগ্রামে ভোট শেষ হয়ে যাওয়ার পর ভবানীপুরে আরও সময় দিতে পারবেন বলে আশা করছেন তিনি।

জানা গেছে, অমিত শাহদের শুভেন্দু বুঝিয়েছেন তিনি ভবানীপুরে প্রার্থী হলে গোটা বাংলায় একটা স্পষ্ট বার্তা চলে যাবে। তা হল—তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিজেপি এবার সিরিয়াস। পরিবর্তনের জন্য বিজেপি লড়াইয়ের প্রতি আস্থা বাড়বে।


বিজ্ঞাপন


তবে বিজেপির মধ্যে অনেকের মতে, এর মধ্যে শুভেন্দুর নিজেরও অঙ্ক রয়েছে। এই ভোটে বিজেপি আনুষ্ঠানিক ভাবে কাউকেই মুখ্যমন্ত্রী পদ প্রার্থী হিসাবে ঘোষণা করেনি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু প্রার্থী হওয়াই তিনি ডিফল্ট প্রোজেক্টেড হয়ে যাবেন বলেই হয়তো মনে করেছেন।

এরআগে ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাত্র ১ হাজার ৯৫৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন শুভেন্দু। তবে ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হন মমতা।

প্রসঙ্গত, ভারতের ‍নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুসারে, এবার বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দুই দফায় ভোটগ্রহণ হবে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে। আর ফলাফল ঘোষণা করা হবে ৪ মে। 

সূত্র: আনন্দবাজার, দ্য ওয়াল

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর