বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

মোজতবা খামেনির জীবিত থাকা নিয়ে সন্দেহ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ১০:৪৩ এএম

শেয়ার করুন:

মোজতবা খামেনির জীবিত থাকা নিয়ে সন্দেহ ট্রাম্পের
ডোনাল্ড ট্রাম্প ও মোজতবা খামেনি।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জীবিত থাকার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে জানিয়েছেন, তিনি তেল চান; সারা বিশ্বের জন্যই তেল চান।

স্থানীয় সময় শনিবার এনবিসি নিউজকে দেওয়া ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি জানি না তিনি বেঁচে আছেন কি না। এখনো পর্যন্ত কেউ তাকে দেখাতে পারেনি। আমি শুনেছি তিনি বেঁচে নেই। যদি বেঁচে থাকেন, তবে তার দেশের জন্য বুদ্ধিমানের কাজ হলো আত্মসমর্পণ।’

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘যুদ্ধ শেষ করার জন্য ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে আমি প্রস্তুত নই। ইরান চুক্তি করতে চায়, আমি তা করতে চাই না। কারণ শর্তগুলো এখনো যথেষ্ট ভালো নয়। যেকোনো চুক্তি খুব দৃঢ় হতে হবে।’

বিশ্বব্যাপী জ্বালানির দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাশিয়ার তেল খাতের ওপর কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর মূলত আরোপিত নিষেধাজ্ঞাগুলো সঙ্কট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফিরে যাবে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। খামেনি হত্যার প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা। এ ছাড়া ইরানে হামলার প্রতিবাদে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা করছে, আর লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা করছে ইসরায়েল।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর