রোববার, ২৯ মার্চ, ২০২৬, ঢাকা

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে সমর্থন উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১০:৩৪ পিএম

শেয়ার করুন:

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে সমর্থন উত্তর কোরিয়ার

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। একই সঙ্গে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অবৈধ’ হামলারও নিন্দা জানিয়েছে কিম জং উনের প্রশাসন। 

বুধবার (১১ মার্চ) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, ইরান তাদের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে বেছে নেওয়ার সিদ্ধান্তকে পিয়ংইয়ং সম্মান করে, ‍যিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে।
 
মুখপাত্রকে উদ্ধৃত করে কেসিএনএ বলেছে, ‘ইরানের বিশেষজ্ঞ পরিষদ ইসলামী বিপ্লবের একজন নতুন নেতা নির্বাচন করেছে। সাম্প্রতিক এই আনুষ্ঠানিত ঘোষণার বিষয়ে আমরা ইরানি জনগণের তাদের সর্বোচ্চ নেতা নির্বাচনের অধিকার ও সিদ্ধান্তকে সম্মান জানাই।’
 
মুখপাত্র আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিষয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জানাচ্ছি, যারা ইরানের বিরুদ্ধে বেআইনি সামরিক আক্রমণ চালিয়ে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ভিত্তি নষ্ট করছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অস্থিতিশীলতা বৃদ্ধি করছে।’ 


বিজ্ঞাপন


এ ধরনের হামলা একটি দেশের রাজনৈতিক ব্যবস্থা ও ভৌগোলিক অখণ্ডতাকে ক্ষতিগ্রস্ত করে, যা অগ্রহণযোগ্য এবং বিশ্বের সব দেশেরই উচিত এর নিন্দা জানানো ও প্রত্যাখ্যান করা উচিত বলেও উল্লেখ করেন উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। 
 
১২ দিন আগে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল হামলা শুরু হওয়ার পরও মধ্যপ্রাচ্যে ‘গুন্ডামিসুলভ আচরণ’ করা হচ্ছে বলেও নিন্দা করেছিল উত্তর কোরিয়া।
 
এদিকে কেসিএনএ বুধবার আরও জানায়, মঙ্গলবার (১০ মার্চ) উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলে দেশের সর্বাধুনিক ও বৃহত্তম নৌবাহিনীর ডেস্ট্রয়ার ‘চো হিয়ন’ থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের আরেকটি পরীক্ষামূলক উৎক্ষেপণ তদারকি করেছেন সর্বোচ্চ নেতা কিম জং উন।  
 
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর বিশ্বজুড়ে পারমাণবিক সক্ষমতা নিয়ে বাড়তি নজরদারির মধ্যেই উত্তর কোরিয়া এই পরীক্ষা চালায় বলে জানায় কেসিএনএ।
 

সূত্র: আলজাজিরা


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর