কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দৌড়ে ভারত বড় কোনো শক্তি নয় বলে মন্তব্য করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।
এমনকি ভারত কিছুই বানাতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, সাম্প্রতিক ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ডেটা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হচ্ছে।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, গত বৃহস্পতিবার (৫ মার্চ) ভারদের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার মারিয়ান কলেজ কুট্টিক্কানাম (অটোনোমাস)-এ শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় রাহুল গান্ধী এসব কথা বলেন।
এ সময় তিনি অভিযোগ করেন, ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থা আদর্শিক আক্রমণের মুখে পড়েছে এবং একটি নির্দিষ্ট ধরনের চিন্তাধারা চাপিয়ে দেয়া হচ্ছে।
তিনি বলেন, উপাচার্যদের দিকে তাকালে দেখা যাবে, তাদের অনেককেই উপাচার্য করা হয়েছে কারণ তারা আরএসএসের সঙ্গে যুক্ত। অবশ্যই এটি বন্ধ করতে হবে। ভারতের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে আরএসএসের বিভাজনমূলক দৃষ্টিভঙ্গির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়।
আরও পড়ুন:
বিজ্ঞাপন
লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী আরও দাবি করেন, এআই প্রযুক্তির উত্থানের সময় ভারত সফল হতে পারেনি। এতে তিনি পরোক্ষভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করে মন্তব্য করেন, কারণ মোদি ভবিষ্যতে এই খাতে ভারতকে বৈশ্বিক শক্তি হিসেবে গড়ে তোলার সম্ভাবনার কথা বলেছেন।
রাহুল গান্ধী বলেন, এআইয়ের খেলায় মূলত দুটি বড় শক্তি রয়েছে— যুক্তরাষ্ট্র ও চীন। দুর্ভাগ্যজনকভাবে রোবোটিক্স, এআই বা আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে ভারত বড় কোনও খেলোয়াড়ই নয়। বিশেষ করে যুক্তরাষ্ট্র বা চীনের সঙ্গে তুলনা করলে।
তিনি আরও বলেন, এআই সামিটেই আমরা দেখেছি, একটি চীনা রোবটকে ভারতীয় রোবট হিসেবে দেখানো হয়েছিল। যদি এআইয়ে শক্তিশালী হতে চান, তাহলে নিজের ডেটার নিয়ন্ত্রণ থাকতে হবে।
তার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করা সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মাধ্যমে ভারতের পুরো ডেটা যুক্তরাষ্ট্রের হাতে চলে যাচ্ছে।
বাহুল বলেন, গত কয়েক সপ্তাহে আমরা এআইয়ের ক্ষেত্রে আমাদের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছি। আমাদের দেশের প্রধান ভরসা ছিল সেবা ও সফটওয়্যার খাতের চাকরি, কিন্তু এআইয়ের কারণে সেগুলোও হারিয়ে যেতে পারে।
রাহুল গান্ধী বলেন, ডেটা, উৎপাদন ও পরিবহন খাতে বড় পরিবর্তন ঘটছে, কিন্তু ভারত শুধু তা দেখেই যাচ্ছে।
এদিকে বিশ্বজুড়ে এআইয়ের দ্রুত বিস্তার নিয়েও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বড় বড় প্রতিষ্ঠানে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এ নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। রাহুল গান্ধী সাম্প্রতিক ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়েও মোদি সরকারের সমালোচনা করেন। বিরোধীদের দাবি, এই চুক্তি কৃষকদের স্বার্থের বিরুদ্ধে গেছে।
শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় তিনি বলেন, কোনও দেশকে এআইয়ের ক্ষেত্রে শক্তিশালী হতে হলে তার নিজের ডেটার ওপর নিয়ন্ত্রণ থাকতে হবে।
-এমএমএস

