যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে তীব্র ঝড় ও টর্নেডোর আঘাতে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক ডজনের বেশি মানুষ। নিহতদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার আঘাত হানা ঝড়ে মিশিগান অঙ্গরাজ্যে চারজন এবং ওকলাহোমা অঙ্গরাজ্যে দুজন মারা গেছেন। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনো তল্লাশি চালাচ্ছে।
বিজ্ঞাপন
তীব্র ঝড়ে গাছ উপড়ে পড়েছে, বিদ্যুতের লাইন ছিঁড়ে গেছে এবং অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু বাড়ির ছাদও উড়ে গেছে।
মার্কিন আবহাওয়া সংস্থা ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করে বলেছে, সপ্তাহধরে তীব্র আবহাওয়া অব্যাহত থাকতে পারে। গ্রেট প্লেইনস অঞ্চল থেকে টেক্সাস পর্যন্ত বজ্রঝড় ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।
ব্রাঞ্চ কাউন্টির শেরিফ অফিসের দফতর জানিয়েছে, ইউনিয়ন সিটির কাছে টর্নেডো আঘাত হানার পর তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। সপ্তাহ ধরে বিদ্যুৎ বিভ্রাট ও সড়ক বন্ধ থাকার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া প্রায় ৮০ কিলোমিটার দূরের ক্যাস কাউন্টিতে একজনের মৃত্যু এবং কয়েকজন আহত হওয়ার খবর দিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
তারা জানিয়েছে, ঘরবাড়ি ও খামারের স্থাপনাসহ বড় বড় অনেক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিছু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শত শত মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন।
ক্যাস কাউন্টির শেরিফ ক্লিন্ট রোচ শনিবার জানান, ১২ বছর বয়সী সাইলাস অ্যান্ডারসন নামে এক কিশোর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মারা গেছে। মিশিগানের এডওয়ার্ডসবার্গ এলাকায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার মৃত্যু হয়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ইউনিয়ন সিটিতে টর্নেডোর তাণ্ডব দেখা গেছে। মিশিগানের থ্রি রিভার্স শহরে গাড়ি পার্কিং এলাকায় ধ্বংসাবশেষ উড়ে যেতে দেখা যায়।
মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার ব্রাঞ্চ, ক্যাস ও সেন্ট জোসেফ কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় জরুরি সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
এদিকে ওকলাহোমার ওকমালগি কাউন্টির ব্যবস্থাপক জেফ মুর জানান, টর্নেডোটি প্রায় ৬ দশমিক ৪ কিলোমিটার এলাকাজুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এটি তুলসা শহর থেকে প্রায় ৪৮ কিলোমিটার দক্ষিণে আঘাত হানে। ওকলাহোমার বেগস এলাকায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ওকলাহোমার গভর্নর কেভিন স্টিটি আলফালফা, ক্রিক, গ্রান্ট, মেজর, ওকমালগি, রজার্স, তুলসা ও ওয়াগনার কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
এমআর

