ড্রোন হামলার কারণে যাবতীয় অপারেশন কিছুক্ষণ স্থগিত রাখার পর আংশিকভাবে ফের অপারেশন চালু করেছে বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর দুবাই এয়ারপোর্ট।
শনিবার (৭ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ড্রোন হামলা হয় দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে। তারপর নিরাপত্তাজনিত কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং নিকটবর্তী আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের যাবতীয় অপারেশন তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়। প্রায় এক ঘণ্টা অপারেশন স্থগিত রাখার পর স্থানীয় সময় দুপুর ১টার দিকে আংশিকভাবে চালু করা হয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর।
বিজ্ঞাপন
তবে দু’টি বিমানবন্দরই যাত্রীদের সতর্কবার্তা দিয়েছে। এক যৌথ বিবৃতিতে দুই বিমানবন্দরের কর্তৃপক্ষ বলেছে, “যাত্রীদের অনুরোধ করা হচ্ছে যে যদি এয়ারলাইন থেকে আপনার সঙ্গে যোগাযোগ করে জানানো হয় যে আপনার ফ্লাইট প্রস্তুত, কেবল তাহলেই বিমানবন্দরে আসবেন, নচেৎ নয়। আপনাদের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার কারণেই এ অনুরোধ জানানো হচ্ছে।”
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সীমিত আকারে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রানওয়ে ও টার্মিনালের কার্যক্রম পুরোপুরি প্রস্তুত করতে পর্যায়ক্রমে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এতে করে কয়েকটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু হলেও অনেক ফ্লাইট এখনো বিলম্বিত বা পুনঃনির্ধারিত হচ্ছে।
এদিকে জাতীয় বিমান সংস্থা এমিরেটস এবং ফ্লাই-দুবাই তাদের কিছু নির্ধারিত ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে। তবে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিমানবন্দরের টার্মিনালগুলোতে এখনো যাত্রীদের চাপ রয়েছে। অনেক যাত্রী দীর্ঘ সময় অপেক্ষা করছেন এবং কিছু যাত্রীর ফ্লাইট বাতিল হওয়ায় তারা বিকল্প ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন। পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দর কর্তৃপক্ষ অতিরিক্ত কর্মী নিয়োগ এবং যাত্রীদের সহায়তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে শিগগিরই পূর্ণাঙ্গভাবে ফ্লাইট পরিচালনা শুরু হবে।
এফএ

