ইরানের হয়ে যুক্তরাজ্যে ইহুদি সম্প্রদায়ের ওপর নজরদারি চালানোর অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। এছাড়াও গ্রেফতারকৃত চারজনের মধ্যে একজনকে সহায়তার সন্দেহে আরও ছয়জনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
শুক্রবার লন্ডনের সন্ত্রাসবিরোধী পুলিশিং বিভাগের প্রধান কমান্ডার হেলেন ফ্লানাগান এক বিবৃতিতে বলেছেন, ব্রিটেনের জাতীয় নিরাপত্তা আইনের লঙ্ঘন করে ইরানের বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার সন্দেহে একজন ইরানি এবং তিনজন দ্বৈত ব্রিটিশ-ইরানি নাগরিককে গ্রেফতার করা হয়। এরমধ্যে ৪০ বছর ও ৫৫ বছর বয়সী দুজনকে বার্নেটের দুটি ঠিকানা থেকে, ৫২ বছর বয়সী একজনকে ওয়াটফোর্ড থেকে এবং ২২ বছর বয়সী একজনকে হ্যারোর ঠিকানা থেকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘দীর্ঘমেয়াদী তদন্তের পরই আমরা তাদের গ্রেফতার করি। আমরা বুঝতে পারছি জনসাধারণ, বিশেষ করে ইহুদি সম্প্রদায় উদ্বিগ্ন হতে পারে... আমি তাদের সতর্ক থাকতে বলব এবং যদি তারা তাদের উদ্বেগজনক কিছু দেখেন বা শুনেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।’
বিবৃতিতে আরও বলা হয়, হ্যারোতে একই স্থানে একজন অপরাধীকে সহায়তা করার সন্দেহে ২৯, ৩৯, ৪২, ৪৯ বছর বয়সী আরও ছয়জন এবং ২০ বছর বয়সী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওয়াটফোর্ড, বার্নেট এবং ওয়েম্বলির একটি ঠিকানাতেও এখনো তল্লাশি অব্যাহত রয়েছে।
সুথ্র: সিএনএন, বিবিসি
এমএইচআর

