লেবানন সীমান্ত থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থিত এলাকা ছেড়ে যেতে ইসরায়েলি বাসিন্দাদের প্রতি সতর্কবার্তা দিয়েছে লেবাননের ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ।
শুক্রবার সকালে হিব্রু ভাষায় হিজবুল্লাহর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় এই সতর্কতা জানানো হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
বিজ্ঞাপন
সেখানে বলা হয়েছে, ‘লেবাননের সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আপনাদের সেনাবাহিনীর লঙ্ঘন, বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং যে উচ্ছেদ অভিযান তারা চালাচ্ছে—তার জবাব দেওয়া হবে।’
গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। প্রথম দিনের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। কয়েক দিন ধরে চলা সংঘাতে প্রাণ হারান আরও সহস্রাধিক মানুষ।
দুই দিন পর গত সোমবার রকেট ও ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালায় হিজবুল্লাহ। এর প্রতিক্রিয়ায় লেবাননে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। দক্ষিণ লেবাননে সেনা মোতায়েনও করেছে দখলদার দেশটি। এমন পরিস্থিতিতে লেবাননের অনেক মানুষ বাধ্য হয়েছে ঘরবাড়ি ছেড়ে পালাতে।
এমন উত্তেজনার মধ্যে গতকাল বৃহস্পতিবার রাতের দিকে ইসরায়েলি সেনারা লেবাননের বিরুদ্ধে একাধিক হামলা চালায়। এর আগে হিজবুল্লাহর প্রধান ঘাঁটিগুলোর অন্যতম হিসেবে বিবেচিত বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের মানুষদের স্থান ত্যাগ করতে বলে তারা।
বিজ্ঞাপন
এমআর

