ইরানে সর্বোচ্চ নেতা যিনিই হবেন, তাকেই মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বুধবার (৪ মার্চ) এ হুঁশিয়ারি দিয়েছেন। খবর এএফপির।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া যেকোনো নেতাকেই তারা হত্যা করবেন।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় খামেনি নিহত হন। ইরানের নতুন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন সদ্য নিহত আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা।
মঙ্গলবার (০৩ মার্চ) রাতে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন:
এরই মধ্যে বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী লিখেছেন, ইসরায়েলকে ধ্বংস এবং যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব ও আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি তৈরি করতে এবং ইরানি জনগণকে দমনপীড়নের পরিকল্পনা এগিয়ে নিতে ইরানি শাসকগোষ্ঠী যে নেতাই নির্বাচিত করুক, তাকে হত্যার নিশানা বানানো হবে। তার নাম যা–ই হোক বা তিনি যেখানেই থাকুন না কেন, এটা ঘটবে।
এদিকে, ইরানে চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনে নিহত হওয়া আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে। ইরানের সর্বোচ্চ নেতার দাফনের বিষয়টি নিশ্চিত করেছে ফার্স নিউজ এজেন্সি।
গত শনিবার ৮৬ বছর বয়সে নিহত হন খামেনি। তিনি ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদের বাসিন্দা ছিলেন। মাশহাদের ইমাম রেজা মাজারে তার বাবার কবর রয়েছে। তবে তার কবর ঠিক কোথায় হবে, তা জানানো হয়নি।
-এমএমএস

