সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়েছেন, এই বছর রমজান ৩০ দিন পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে ঈদুল ফিতর আগামী ২০ মার্চ (শুক্রবার) উদযাপিত হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, ১৮ মার্চ বুধবার আমিরাতের আকাশে চাঁদ দেখা যাবে না। তাই পরের দিন শাওয়াল মাস শুরু হওয়ার সম্ভাবনা কম।
বিজ্ঞাপন
তিনি জানান, আগামী ১৯ মার্চ সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সকাল ৫টা ২৩ মিনিটে শাওয়ালের চাঁদ জন্ম নেবে এবং এটি সূর্যাস্তের পরও প্রায় ২৯ মিনিট আকাশে থাকবে। এতে আবহাওয়া এবং দৃশ্যমানতার উপযুক্ত অবস্থায় চাঁদ দেখার সম্ভাবনা থাকবে।
আল জারওয়ান আশা প্রকাশ করেন, এই জ্যোতির্বৈজ্ঞানিক সূচকের ওপর ভিত্তি করে বেশিরভাগ ইসলামিক দেশ রমজান শেষ এবং শাওয়াল মাস শুরু সম্পর্কে একই সিদ্ধান্তে পৌঁছাতে পারে।
প্রসঙ্গত, আমিরাতে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ নিশ্চিত করবে ইউএই মুন-সাইটিং কমিটি। তারা ধর্মীয় ও পর্যবেক্ষণ প্রক্রিয়া শেষে এই তথ্য নিশ্চিত করবে। তবে পূর্বাভাস অনুযায়ী ২০ মার্চই শাওয়াল মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
সূত্র: গালফ নিউজ
বিজ্ঞাপন
এমএইচআর

