আবারো ২০২৫ মে মাসে ভারত ও পাকিস্তানের সংঘাতের প্রসঙ্গ টেনে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দ্বিতীয় দফার প্রথম এক বছরের কাজের খতিয়ান দিতে গিয়ে দাবি করলেন, তিনি না থাকলে প্রাণ যেত ৩৫ মিলিয়ন মানুষের। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও ভারতের সঙ্গে যুদ্ধে মারা যেতেন বলে দাবি করেন ট্রাম্প।
মঙ্গলবার মার্কিন কংগ্রেসের (সিনেট এবং প্রতিনিধি পরিষদ) যৌথ অধিবেশনে ‘বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে তিনি বলেন, ‘দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার ১০ মাসের মধ্যে আমি আটটি যুদ্ধ থামিছি। ভারত এবং পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ হতে পারতো। কিন্তু তার হস্তক্ষেপে এটি থামানো গেছে।’
বিজ্ঞাপন
ট্রাম্প দাবি করেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাকে বলেন, আমি না থাকলে ৩৫ মিলিয়ন মানুষের প্রাণ যেতে পারতো। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও মারা যেতেন।’
প্রসঙ্গত, গত এপ্রিলে ভারত অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছিল নয়াদিল্লি। ইসলামাবাদ এতে জড়িত থাকার কথা অস্বীকার করলেও গত ৭ মে ভোরে পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত। ভারতের বিরুদ্ধে পাল্টা অভিযান ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ পরিচালনা করে পাকিস্তান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে যায় দুই দেশ। তবে ট্রাম্পের এই দাবি অস্বীকার করে আসছে ভারত।
নয়াদিল্লির দাবি, যুদ্ধ বন্ধে তারা পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে একটি চুক্তিতে পৌঁছেছিল, যেখানে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা ছিল না, এমনকি ট্রাম্পেরও কোনো কৃতিত্ব নেই।
বিজ্ঞাপন
অন্যদিকে ভারত-পাকিস্তান সংঘাত মীমাংসার কৃতিত্ব বারবার নিজের নামে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও তিনি এই সংঘাতের ক্ষয়ক্ষতি নিয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন দাবি করেছেন। সর্বশেষ গত ১১ ফেব্রুয়ারি সম্প্রচারিত মার্কিন সংবাদমাধ্যম ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে ও সংঘাতে মোট ১০টি বিমান ভূপাতিত করা হয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমার মতে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ হত। তারা আসলেই সেই দিকে এগিয়ে যাচ্ছিল। ১০টি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল। তারা এটির দিকে এগিয়ে যাচ্ছিল।’
গত ১০ মাস ধরে ট্রাম্প বহুবার ভারত-পাকিস্তান সংঘাতে বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল- গত বছর মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পরপরই ট্রাম্প দাবি করেন- এই সংঘাতে ৫টি পাঁচটা বিমান ভূপাতিত হয়েছিল। এর পর থেকে বিভিন্ন সাক্ষাৎকার এবং বক্তৃতায় এই সংখ্যা বাড়িয়েছেন। গত অক্টোবরে তিনি দাবি করেন, সাতটি বিমান হারিয়েছে দুই দেশ এবং সর্বশেষ নভেম্বরে সেই সংখ্যা আটটিতে উন্নীত করেন ট্রাম্প। যদিও তবে কোন দেশ কতটি বিমান হারিয়েছে, তা নির্দিষ্ট করে বলেননি তিনি।
এদিকে পাকিস্তানও বারবারই দাবি করেছে, সংঘাতে তারা ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যার মধ্যে রয়েছে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু–৩০ ও অন্যটি মিগ–২৯ যুদ্ধবিমান। ভারত প্রথম দিকে এ বিষয়ে চুপ ছিলো । তবে সম্প্রতি ভারতের সর্বোচ্চ সামরিক কর্মকর্তারা বিষয়টি স্বীকার করেছেন।
সূত্র: ডয়চে ভেলে, ডন
এমএইচআর

