বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

১৮ মাস পর কলকাতা-ঢাকা-আগরতলা বাস চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম

শেয়ার করুন:

১৮ মাস পর কলকাতা-ঢাকা-আগরতলা বাস চলাচল শুরু

দীর্ঘ ১৮ মাস পর বাংলাদেশের রাজধানী ঢাকা হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও ত্রিপুরার আগরতলা আন্তর্জাতিক বাস চলাচল শুরু হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, ‘রয়্যাল মৈত্রী’ আন্তর্জাতিক বাস পরিষেবার প্রথম বাসটি ২০জন যাত্রী নিয়ে গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) কলকাতা থেকে ছেড়ে ঢাকা হয়ে মঙ্গলবার সকালে আগরতলায় পৌঁছেছে। 


বিজ্ঞাপন


আগরতলা (ভারত) - আখাউড়া (বাংলাদেশ) সমন্বিত চেক পোস্টে (আইসিপি) পৌঁছানোর পর যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান ত্রিপুরার পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, ত্রিপুরা সড়ক পরিবহন কর্পোরেশনের (টিআরটিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

এসময় ত্রিপুরার পরিবহন মন্ত্রী বলেন, বাংলাদেশে নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র কয়েকদিন পরেই ঢাকার মধ্য দিয়ে আগরতলা-কলকাতা বাস পরিষেবা পুনরায় চালু করাকে একটি আনন্দের ঘটনা। 

সুশান্ত চৌধুরী বলেন, ‘এই নতুন পর্বের সূচনার সাথে সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে, আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এই বাস পরিষেবা পারস্পরিক আস্থা ও সহযোগিতার এক শক্তিশালী প্রতীক। 


বিজ্ঞাপন


টিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায় বলেন, ৩৫ আসনের রাজ্য সরকার পরিচালিত টিআরটিসি বাসটি সপ্তাহে তিন দিন আগরতলা থেকে ছেড়ে যাবে এবং আরেকটি বাস সপ্তাহে তিন দিন কলকাতা থেকে ছেড়ে যাবে। উভয় বাসই ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের সাথে সংযোগ স্থাপন করে ঢাকা হয়ে চলাচল করবে। 

তিনি আরও জানান, আগরতলা-ঢাকা বাস পরিষেবাও শীঘ্রই পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। 

প্রসঙ্গত, ২০২৪ সালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাস অপারেটররা পরিষেবা পুনরায় চালু করতে অনীহা প্রকাশ করায় ভারত ও বাংলাদেশের মধ্যে বাস চলাচল বন্ধ হয়ে যায়। তবে নতুন সরকার গঠনের পর বর্তমানে পরিস্থিতি ভালো হওয়ায় তারা আবারও বাস চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর