বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাসে কম গুরুত্বপূর্ণ কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্যদের লেবানন ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ নির্দেশ দিয়েছে। ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এবং সম্ভাব্য সামরিক হামলার হুমকির প্রেক্ষাপটে এ ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র। খবর আরব নিউজের।
বিজ্ঞাপন
লেবাননে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্যও ভ্রমণ সতর্কতা জারি করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, বৈরুতের নিরাপত্তা পরিস্থিতির কারণে জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মী এবং সরকারি কর্মীদের পরিবারের সদস্যদের লেবানন ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
এই পদক্ষেপের কথা প্রচারিত হওয়ার কয়েক ঘন্টা পর আনুষ্ঠানিকভাবে জারি করা সতর্কতায় বলা হয়েছে, লেবাননে অবস্থানরত মার্কিন কর্মীদের দেশটিতে ভ্রমণ সীমিত করা হবে।
১৯৮৩ সালে বৈরুতের মেরিন ব্যারাক এবং ১৯৮৪ সালে একটি দূতাবাস ভবনে ভয়াবহ বোমা হামলা চালায় হিজবুল্লাহ।
বিজ্ঞাপন
এদিকে, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান বৃহস্পতিবার জেনেভায় তাদের পরবর্তী পরমাণু আলোচনার পরিকল্পনা করছে। এক মার্কিন কর্মকর্তা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাঘচি সিবিএসকে বলেছেন যে তিনি মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আরেঅচনা করবেন। এ ব্যাপারে কূটনৈতিক সমাধানের জন্য "ভালো সুযোগ" রয়ে গেছে।
এর আগে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার তাদের নাগরিকদের ইরান ত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইরানে প্রায় ১০,০০০ ভারতীয় নাগরিক রয়েছে।
-এমএমএস

