ভারতের উত্তরপ্রদেশের মিরাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে এক নারী ও পাঁচ শিশু নিহত হয়েছে। সোমবার গভীর রাতে এক পোশাক ব্যবসায়ীর বাড়িতে লাগা আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারান তারা।
পুলিশ জানায়, কিদোয়াই নগরের ইকবাল আনসারির বাড়ির নিচতলায় থাকা পোশাকের গুদামে রাত সাড়ে আটটা থেকে ৯টার মধ্যে আগুন লাগে। দোতলায় থাকা মা রুখসার (৩০) ও পাঁচ শিশু-আকদাস (৩), নাবিয়া (৬ মাস), ইনায়েত (৬ মাস), হাম্মাদ (৪), মাহভিশ (১২) আগুন থেকে বাঁচতে ঘরের দরজা বন্ধ করেন। কিন্তু সিঁড়ি পর্যন্ত আগুন পৌঁছায়, ধোঁয়া ও আগুনে ঘরটি ভস্মীভূত হয়।
বিজ্ঞাপন
খবর পেয়ে দমকল ও পুলিশ তৎপর হলেও আগুন নেভাতে ঘণ্টার বেশি সময় লেগে যায়। পাশের বাড়ির ছাদ ব্যবহার করে আহতদের উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর পাঁচ শিশু ও মা রুখসারের মৃত্যু নিশ্চিত করা হয়। এক আহত নারীও পরে মারা যান।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে পুলিশ।
এমআর

