বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

২০২৬ সালের রমজান: কোন দেশে কত ঘণ্টা রোজা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩০ পিএম

শেয়ার করুন:

২০২৬ সালের রমজান: বিশ্বের কোন দেশে কত ঘণ্টা রোজা

চাঁদ দেখার ওপর ভিত্তি করে চলতি বছর আগামী ১৮ বা ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। বিশ্বজুড়ে এক বিলিয়নেরও বেশি মুসলিম রমজানের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পবিত্র মাহে রমজানে ফজর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে রোজা রাখেন মুসলিমরা। কিন্তু উপবাস থাকার এই সময়কাল পৃথিবীর সব স্থানে একই নয়। ভৌগোলিক কারণে সূর্যোদয় ও সূর্যাস্তের ওপর উপবাসের সময় নির্ভর করে।

২০২৬ সালের রমজান মাসে রোজার সময় গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম হবে বলে আশা করা হচ্ছে, যা রোজা পালনকারী মুসল্লিদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে।


বিজ্ঞাপন


image

প্রতিবছর রমজান মাস আগের বছরের তুলনায় ১০ থেকে ১২ দিন আগে শুরু হয়। এর কারণ ইসলামি ক্যালেন্ডার চন্দ্রনির্ভর হিজরি বর্ষপঞ্জির ওপর ভিত্তি করে তৈরি, যেখানে মাসগুলো ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। এই বার্ষিক পরিবর্তন সরাসরি রোজার সময়কাল এবং পবিত্র মাসে দিনের আলোর সময় পরিবর্তনের উপর প্রভাব ফেলে। আর দেশ ভেদে রোজার সময় ভিন্ন হয় মূলত ভূগোল এবং অক্ষাংশের পার্থক্যের কারণে। এরমধ্যে উত্তর গোলার্ধ ও বিষুবরেখার কাছের দেশগুলোতে অল্প সময় রোজা রাখতে হয়। অপরদিকে দক্ষিণ গোলার্ধে বসবাসকারী মুসলিমদের জন্য রোজার সময় গত বছরের তুলনায় দীর্ঘতর হবে।

যেহেতু উত্তর গোলার্ধে এখন শীতকাল। তাই সেখানকার বাসিন্দাদের জন্য রোজার সময় সবচেয়ে কম হবে। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ডের মতো দেশগুলোতে প্রথম দিকে রোজা রাখতে হবে প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা, যা মাসজুড়ে ধীরে ধীরে বাড়বে। 

অন্যদিকে ল্যাটিন আমেরিকার দেশ চিলি, ওসেনিয়ার দেশ নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মানুষকে দীর্ঘ সময় রোজা রাখতে হবে। প্রথম দিন তাদের রোজা রাখতে হবে প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টা, তবে মাসজুড়ে এ সময় ধীরে ধীরে কমতে থাকবে।


বিজ্ঞাপন


যদিও যেসব দেশে সূর্য খুব কম অস্ত যায় না, এসব দেশের মুসলমানদের পবিত্র নগরী মক্কা বা নিকটতম মধ্যপন্থী শহরের সময় অনুপাতে রোজা রাখার পরামর্শ দিয়ে থাকেন ইসলামিক স্কলাররা।  

image

এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রথম রোজায় সাহ্‌রির শেষ সময় ভোর ৫টা ১৩ মিনিট। এদিন ইফতার হবে সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে। অর্থাৎ প্রথম দিন ১২ ঘণ্টা ৪৩ মিনিট রোজা রাখতে হবে। তবে মাসজুড়ে এ সময় ধীরে ধীরে বাড়তে থাকবে।

এছাড়াও ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ এশিয়ার দেশগুলোর বাসিন্দাদের ১২ ঘণ্টা ৪০ মিনিট থেকে ১৩ ঘণ্টা ২৪ মিনিট পর্যন্ত রোজা রাখতে হবে, যা ধীরে ধীরে আরও বাড়বে।  

সূত্র: আলজাজিরা, খালিজ টাইমস

এমএইচআর

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর