শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

মার্কিন পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু

যুক্তরাষ্ট্রে ২৬২ কোটি রুপি ক্ষতিপূরণ পেল ভারতীয় ছাত্রীর পরিবার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২০ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রে ২৬২ কোটি রুপি ক্ষতিপূরণ পেল ভারতীয় ছাত্রীর পরিবার

২০২৩ সালে যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে রাস্তা পার হওয়ার সময় একটি পুলিশের গাড়ির ধাক্কায় নিহত হন ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে দেশটিতে স্নাতকোত্তর করতে যাওয়া জাহ্নবী কান্দুলার নামে এক তরুণী। প্রায় তিন বছর পরে অবশেষে ওই মামলার নিষ্পত্তি হচ্ছে। ২৩ বছর বয়সী জাহ্নবীর পরিবারকে ২৯ মিলিয়ন ডলার (প্রায় ২৬২ কোটি রুপি) ক্ষতিপূরণ দেবে সিয়াটল প্রশাসন। 

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ঘটনারে দিন অতিরিক্ত মাদক সেবন করে ফেলার এক ঘটনার কথা পুলিশ জানতে পেরেছিল। সেই খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছোনোর চেষ্টা করছিলেন স্থানীয় পুলিশ কর্মকর্তা কেভিন ডেন। তিনি সাইরেন এবং ইমার্জেন্সি আলো জ্বালিয়েই গাড়ি চালাচ্ছিলেন। কিন্তু এর মধ্যেই দুর্ঘটনাটি ঘটে যায়। 


বিজ্ঞাপন


পুলিশের গাড়ির ধাক্কায় প্রায় একশো ফুট দূরে ছিটকে পড়ে মারা যান জাহ্নবী। রাস্তার যে অংশ দুর্ঘটনাটি ঘটে, সেখানে গাড়ির সর্বোচ্চ গতি থাকার কথা ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। কিন্তু পুলিশের গাড়িটি ১১৯ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটছিল।

জানা যায়, ওই দুর্ঘটনাটিকে প্রাথমিক ভাবে সিয়াটেল পুলিশ ‘লঘু’ করে দেখানোর চেষ্টা করেছিল। দুর্ঘটনার দায় ছাত্রীর ওপরেই চাপিয়ে বলা হয়েছিল, পুলিশের গাড়িটি ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতেই চালানো হচ্ছিল। তবে এ ঘটনায় মার্কিন প্রশাসনের কাছে প্রতিবাদ জানিয়েছিল ভারত। প্রায় তিন বছর পরে অবশেষে ওই মামলার নিষ্পত্তি হচ্ছে।

বুধবার সিয়াটলের সিটি অ্যাটর্নি এরিকা ইভান্স বলেন, ‘জাহ্নবী কান্দুলার মৃত্যু এক দুঃখজনক ঘটনা। আমরা আশা করছি এই আর্থিক ক্ষতিপূরণ কান্দুলা পরিবারের কাজে আসবে। জাহ্নবীর পরিবার এবং পরিজনদের কাছে তার জীবনের মূল্য ছিল।’ এপি জানাচ্ছে, গত শুক্রবারই কিং কাউন্টি সুপিরিয়র কোর্টে সব পক্ষ মামলা নিষ্পত্তির জন্য নোটিস দিয়েছেন। 

‘পাবলিকোলা’ নামে স্থানীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, সিয়াটল পুলিশ বিভাগ অীভযুক্ত পুলিশ কর্মকর্তা কেভিন ডেনকে বরখাস্ত করেছে, তার বিরুদ্ধে অবহেলা করে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে এবং তাকে ৫ হাজার  ডলার জরিমানা করার নির্দেশ দেওয়া হয়েছে। 


বিজ্ঞাপন


তবে কিং কাউন্টির প্রসিকিউটররা তার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ দায়ের করতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, তারা প্রমাণ করতে পারেননি যে তিনি জাহ্নবী কান্ডুলাকে আঘাত করার সময় ইচ্ছাকৃতভাবে নিরাপত্তার বিষয়টি অবহেলা করেছিলেন।

সূত্র: এনডিটিভি

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর