পবিত্র রমজান মাস উপলক্ষে নয়টি প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম সরকারের অনুমোদন ছাড়া বাড়ানোর বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।
দেশটির অর্থনীতি ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য নির্ধারণ নীতির আওতায় রয়েছে— রান্নার তেল, ডিম, দুগ্ধজাত পণ্য, চাল, চিনি, মুরগি, ডাল, রুটি এবং গম । এসব খাদ্যপণ্য মন্ত্রণালয়ের পূর্বানুমোদন ছাড়া মূল্য বৃদ্ধি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও অন্যান্য পণ্যের দাম বাজার সরবরাহ-চাহিদা গতিশীলতা প্রক্রিয়ার অধীন নির্ধারণ করা হবে।
বিজ্ঞাপন
বুধবার এক সংবাদ সম্মেলনে আমিরাতের অর্থনীতি ও পর্যটন মন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি ভোক্তা অধিকার রক্ষা এবং বাজার স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য দেশব্যাপী একটি পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন।
তিনি বলেন, ‘অর্থনীতি ও পর্যটন মন্ত্রণালয় কেন্দ্রীয় এবং স্থানীয় উভয় স্তরের সরকারি সংস্থা, বিশেষ করে গ্রাহক সুরক্ষার জন্য সুপ্রিম কমিটির মাধ্যমে দেশের সমবায় খাত, বেসরকারি খাত এবং সমস্ত অংশীদারদের সঙ্গে গঠনমূলক সংলাপ এবং সমন্বয় করে এই ঘোষণা দেওয়া হয়।
তৌক আল মারি বলেন, ‘আমাদের লক্ষ্য হল সংযুক্ত আরব আমিরাতের বাজারের সমস্ত খুচরা বিক্রয় কেন্দ্রগুলোতে ভোক্তা সুরক্ষা আইন ও নীতির ব্যবহার, সুষ্ঠু বাণিজ্যিক অনুশীলন প্রচার করা এবং বাজারে পণ্য ও পণ্যের তদারকি বৃদ্ধি করা।’
তিনি আরও জানান, মন্ত্রণালয় রমজান মাসে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন বিভাগ এবং দেশব্যাপী সরবরাহকারীদের সাথে সমন্বয় করে ৪২০টি তদারকি দল গঠন করেছে, যারা খুচরা বিক্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করবে। আইনের ব্যতয় হলে প্রশাসনিক শাস্তির একটি নীতিমালার অধীনে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেবেন তারা।
বিজ্ঞাপন
এদিকে আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, রমজান মাসে ভোক্তা চাহিদা মেটাতে দেশটিতে প্রয়েজনীয় খাদ্যপণের মজুদ যথেষ্ট রয়েছে।
এ বিষয়ে মন্ত্রী তৌক আল মারি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের কৌশলগত মজুদ অত্যন্ত দক্ষ এবং ব্যাপক, যা দীর্ঘমেয়াদী সরবরাহ নিশ্চিত করে। পবিত্র রমজান মাসের আগমনের সাথে সাথে, আমাদের বাজারে পণ্য- বিশেষ করে প্রয়োজনীয় পণ্যের প্রচুর প্রাপ্যতা দেখা যাচ্ছে। ফলে অযৌক্তিক মূল্য বৃদ্ধি ছাড়াই ভোক্তা চাহিদা পূরণ এবং প্রয়োজনীয় পরিমাণে পণ্যের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ।’
সূত্র: গালফ নিউজ
এমএইচআর

