অস্ট্রেলিয়া মেলবোর্নের রোভিলে অবস্থিত অস্ট্রেলিয়ান-ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের বাইরে থেকে ভারতের জাতীয় নেতা মহাত্মা গান্ধীর একটি ব্রোঞ্জের মূর্তি চুরি হয়েছে। মূর্তিটি নয়াদিল্লির ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) থেকে উপহার হিসেবে দিয়েছিল।
অস্ট্রেলিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে এই চুরির ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, তিনজন অজ্ঞাত চোর একটি অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করে ৪২৬ কেজি ওজনের মূর্তিটি গোড়া থেকে কেটে নিয়ে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, মূর্তিটি পায়ের কাছ থেকে কাটা। শুধুমাত্র পায়ের তালুগুলো সেখানে রয়ে গেছে।
পুলিশ আরও জানিয়েছে, ভিক্টোরিয়া পুলিশ নক্স ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের কর্মকর্তারা মামলাটি তদন্ত করছেন এবং ভাঙা ব্রোঞ্জের ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে- কেউ যদি তাদের কাছে ব্রোঞ্জ বিক্রি করতে আসে তাহলে তাদের যেন অবহিত করা হয়।
এ বিষয়ে অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি চ্যারিটেবল ট্রাস্টের কমিটির সদস্য সন্তোষ কুমার বলেন, চুরির ঘটনা আংশিক ভবনের সিসিটিভিতে ধরা পড়েছে.... একটি সাদা ভ্যান করে এসেছিল মুখোশধারী চোরেরা। এ বিষয়ে বিস্তারিত পুলিশকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘একজন জাতীয় নেতার মূর্তিটি হারিয়ে যাওয়া দেখে আমরা দুঃখিত।
প্রসঙ্গত, ২০২১ সালের ১২ নভেম্বর অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসন এই মূর্তিটি উদ্বোধন করেন। তবে স্থাপনের ২৪ ঘন্টার মধ্যে অজানা ব্যক্তিরা মূর্তিটি ভাঙচুর করেছিল। সম্প্রতি দেশটিতে ভারতবিরোধী মনোভাব বৃদ্ধির মধ্যে আবারো এই ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সূত্র: এনডিটিভি
এমএইচআর

