শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ঢাকা

বাণিজ্য চুক্তি নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলছেন ট্রাম্প ও মোদি 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম

শেয়ার করুন:

বাণিজ্য চুক্তি নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলছেন ট্রাম্প ও মোদি 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থেকে আসা পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করবে।

গতকাল সোমবার নিজস্ব সামিাজক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ টেলিফোনে আমার কথা হয়েছে। তিনি রাশিয়ান তেল কেনা বন্ধ করতে এবং যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলা থেকে তেল কিনতে সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী মোদির প্রতি সম্মান এবং তার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খাতিরে আমি তার অনুরোধে সায় দিয়েছি। এখন থেকে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর নির্ধারিত শুল্ক হবে ১৮ শতাংশ। খুব শিগগিরই এটি কার্যকর হবে।’


বিজ্ঞাপন


ট্রাম্প আরও বলেন, ‘৫০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের আমেরিকান পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছেন মোদি, যার মধ্যে রয়েছে জ্বালানি, প্রযুক্তি, কৃষি এবং কয়লাজাত পণ্য’। 

image

অন্যদিকে ট্রাম্পের পোস্টের কিছুক্ষণের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এক্স হ্যান্ডেলে লেখেন, “আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলে খুবই আনন্দিত। এটা জেনে খুব খুশি হয়েছি যে ‘মেড ইন ইন্ডিয়া’র অধীনে উৎপাদিত পণ্যের ওপরে এখন ১৮ শতাংশ শুল্ক দিতে হবে। এই দারুণ ঘোষণার জন্য ভারতে ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক-অনেক ধন্যবাদ।”

প্রসঙ্গত, ‘মেড ইন ইন্ডিয়া’ হলো ভারত সরকারের একটি বিশেষ প্রকল্প, যাতে দেশীয় পণ্য উৎপাদনে উৎসাহ প্রদান করা হয় নানা ভাবে।

তিনি আরও বলেন, ‘যখন দুটি বৃহৎ অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একসঙ্গে কাজ করে, তখন এটি আমাদের জনগণের উন্নয়ন করে এবং পারস্পরিক সহযোগিতার জন্য প্রচুর সুযোগ তৈরি করে।’ 

তবে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবে ভারত এবং দেশটিতে মার্কিন পণ্যের ওপরে শুল্ক শূন্যে নামিয়ে আনা হবে বলে ট্রাম্প যে দাবি করেছেন, ভারতীয় প্রধানমন্ত্রীর পোস্টে এটারও উল্লেখ নেই। এছাড়াও ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৫০০ কোটি ডলার মূল্যে পণ্য কিনবে বলে উল্লেভ করেছেন ট্রাম্প, তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়েও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

এ বিষয়ে দক্ষিণ এশিয়ার বৈশ্বিক রাজনীতির ওপরে নজর রাখা বিশ্লেষক মাইকেল কুগেলম্যান এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ট্রাম্প দাবি করছেন যে মোদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার ব্যাপারে সহমত হয়েছেন। আমার এই ব্যাপারে সন্দেহ আছে’।

তিনি বলেন, ‘যদিও নভেম্বরে রাশিয়ার ওপরে নতুন মার্কিন নিষেধাজ্ঞা জারি হওয়ার পরে ভারত রাশিয়া থেকে তেল আমদানি কমিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি নিয়ে এখনো অনেক বিষয়ই স্পষ্ট নয়। ভারত কি কৃষির মতো সংবেদনশীল ক্ষেত্র উন্মুক্ত করে দেবে? আগে কোনো সমঝোতা না হওয়ার পেছনে তো এটাই একটি বড় কারণ ছিল।’

এদিকে ট্রাম্প দাবি করেছেন, ভারত ৫০০ কোটি ডলার মূল্যের পণ্য আমেরিকা থেকে আমদানি করবে, তা নিয়েও সন্দেহ আছে বলে মনে করেন অনেক বিশ্লেষক। কারণ ২০২৪ সালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল মাত্র ২১২ কোটি ডলার। এর মধ্যে ভারতই বেশি পণ্য রফতানি করেছিল। 

উল্লেখ্য, ট্রাম্প গত আগস্ট মাসে ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প, যা এশিয়ার কোনো দেশের জন্য সর্বোচ্চ। যদিও এই ৫০ শতাংশের মধ্যে ২৫ শতাংশ ছিল রাশিয়ান তেল কেনার কারণে জরিমানা। এর পর থেকেই নয়াদিল্লি ও ওয়াশিংটন মধ্যে বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন চলছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রফতানি তীব্রভাবে হ্রাস পায় এবং বড়সড় ধাক্কা খায় ভারতের অর্থনীতি। 

সূত্র: বিবিসি

এমএইচআর

 

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর