তীব্র শীতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এক সপ্তাহ বিরতি নিতে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন সেই প্রস্তাব মেনে হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন বলেও দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার ওয়াশিংটনে একটি ক্যাবিনেট বৈঠকের বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন ট্রাম্প।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যোগাযোগ করে কিয়েভ ও অন্যান্য শহরে হামলা বন্ধের জন্য তাকে আহ্বান জানিয়েছিলাম, কারণ সেখানে মারাত্মক শীত পড়েছে... এবং তিনি তাতে রাজী হয়েছেন। আমাদের আলোচনা ছিল খুবই চমৎকার।’
ট্রাম্প আরও বলেন, "আমাকে অনেকে বলেছিলেন, ফোন করে লাভ নেই কারণ (পুতিন) কথা শুনবেন না। কিন্তু উনি শুনেছেন। আমরা খুশি।’
এদিকে রাশিয়ার পক্ষ থেকে এই সাময়িক অস্ত্রবিরতি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। এছাড়াও কিয়েভ ছাড়া আর অন্য কোন কোন শহরে আক্রমণ বন্ধ থাকবে সেই বিষয়টিও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, ইউক্রেনে এখন তীব্র ঠাণ্ডা চলছে, রাতে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামছে। এরমধ্যেই ইউক্রেনের বিদ্যুৎ সরবারহ ব্যবস্থাকে লক্ষ্য করেও হামলা করছে রুশ সেনারা।
বিজ্ঞাপন
সর্বশেষ গত ২৬ জানুয়ারি রাতভর রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্থাপনাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে ইউক্রেনের ১ হাজার ৩৩০টি অ্যাপার্টমেন্ট ভবনসহ ১২ লক্ষাধিক বাড়িঘর।
সূত্র: আরটি, ডিডব্লিউ
এমএইচআর

