বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

Gold Price

ফের রেকর্ড গড়ল স্বর্ণ, দাম ছাড়াল ৫৩০০ ডলার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম

শেয়ার করুন:

gold

ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার এবং মার্কিন ডলারের পতনে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে স্বর্ণের চাহিদা তুঙ্গে উঠেছে। এতে বিশ্ববাজারে প্রথমবারের মতো মূল্যবান এই ধাতুটির দাম প্রতি আউন্স ৫ হাজার ৩০০ মার্কিন ডলারের মাইলফলক ছাড়িয়ে গেছে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ২৭৫ দশমিক ৬৮ ডলারে লেনদেন হচ্ছে পৌঁছেছে। যদিও আগের সেশনে ৩ শতাংশ বেড়ে রেকর্ড সর্বোচ্চ ৫ হাজার ৩১১ দশমিক ৩১ ডলার স্পর্শ করেছিল, যা সর্বকালের সর্বোচ্চ দর।


বিজ্ঞাপন


একই সময় ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচারও ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ২৭১ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়েছে। 

অন্যদিকে বুধবার মার্কিন ডলারের দাম চার বছরের সর্বনিম্নে পৌঁছেছে, যার ফলে বিদেশী ক্রেতাদের স্বর্ণ কিনতে আরও উৎসাহ যোগাচ্ছে। 

বিশ্লেষকদের মতে, ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ বিনিয়োগের প্রতি আগ্রহ বেড়ে যাওয়ায় স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। একই সঙ্গে চলতি বছরে যুক্তরাষ্ট্রের নীতিগত অনিশ্চয়তা স্বর্ণের দামের উত্থানে বড় ভূমিকা রেখেছে।


বিজ্ঞাপন


এক্সএস.কম-এর সিনিয়র বাজার বিশ্লেষক লিনহ ট্রান বলেন, ‘শুধুমাত্র বাজার উদ্বেগের কারণে সোনার দাম বাড়ছে না, বরং বিশ্বব্যাপী আর্থিক-রাজস্ব ব্যবস্থার প্রতি অনাস্থার কারণে আরও সতর্ক অবস্থানের দিকে ঝুঁকছে বিনিয়োগকারীরা।’ 

এদিকে স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ মূল্য ছুঁলেও কিছুটা কমেছে রুপার দাম। বুধবার স্পট রুপার দাম ০ দশমিক ২ শতাংশ কমে আউন্স প্রতি ১১২ দশমিক ৮২ ডলারে লেনদেন হচ্ছে, যদিও গত সোমবার রেকর্ড সর্বোচ্চ ১১৭ দশমিক ৬৯ ডলারে পৌঁছায়। এতে চলতি বছরের মাত্র ২৮ দিনে প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে মূল্যবান এই সাদা ধাতুটির দাম।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে রুপার দাম বৃদ্ধি পায় ১৪৭ শতাংশ, যা ১৯৮৩ সালের পর থেকে সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি। গহনা ছাড়াও ইলেকট্রনিক্স পণ্য এবং সৌর প্যানেল তৈরিতে ব্যবহৃত এই মূল্যবান ধাতুটি বিনিয়োগ মাধ্যম হিসেবেও ব্যাপক চাহিদা পাচ্ছে।

অন্যদিকে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টা ১৫ মিনিট থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে। 

সূত্র: রয়টার্স

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর