ভারী তুষারপাত ও তীব্র বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত পাকিস্তানের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা। বিশেষ করে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার একাধিক শহর এবং পাঞ্জাব প্রদেশের পর্যটন নগরী মুরির পরিস্থিতি সবচেয়ে খারাপ। ব্যাপক তুষারপাতের ফলে সেখানাকার প্রধান সড়কগুলো বন্ধ হয়ে গেছে এবং তীব্র ঠান্ডা স্থানীয় বাসিন্দারা দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে।
দেশটির আবহাওয়া অধিদফতরের (পিএমডি) বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, মুরিতে এখন পর্যন্ত ১৪ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে এবং পশ্চিমা বাতাসের প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত মুরিসহ বিভিন্ন এলাকায় আরও বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই প্রচুর পরিমাণে বরফ জমে থাকার কারণে মুরি এক্সপ্রেসওয়ে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে শহরে নতুন করে পর্যটকদের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
মুরির ডেপুটি কমিশনার আগা জহির শিরাজি বলেন, আবহাওয়া পরিস্থিতির কারণে শহরে যানবাহন প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত যে পর্যটকরা মুরিতে পৌঁছেছিলেন তারা কোনও বাধা ছাড়াই শহরে ঘুরে বেড়াচ্ছিলেন।

অন্যদিকে খাইবার পাখতুনখোয়া রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল ফৈজি শুক্রবার বলেছেন, প্রদেশে ভারী তুষারপাতের কারণে তিরাহ উপত্যকা, পাইন্দা চীনা, দাওয়াতোই এবং বাগ ময়দানে শত শত বাস্তুচ্যুত পরিবার রাস্তায় আটকা পড়েছিল । ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য ব্যাপক উদ্ধার অভিযান চলছে। এতে ২৩টি কার্যকরী যানবাহন এবং ১০০ জনেরও বেশি কর্মীর সমন্বয়ে গঠিত উদ্ধারকারী দল উদ্ধার এই অভিযানে অংশ নিচ্ছে।
তিনি আরও জানান, শুক্রবার বিকেল ৫:৩০ মিনিট পর্যন্ত তিরাহে আটকা পড়া ৫০টি যানবাহন এবং প্রায় ১০০ জন ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের কম্বল সরবরাহ করা হয়েছে, শিশুদের সোয়েটার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে প্রদেশটির শাংলা জেলায় ভারী তুষারপাত হয়েছে, যার ফলে পাকিস্তান ও চীনকে সংযোগকারী কারাকোরাম হাইওয়ে সহ প্রধান সড়কগুলো বন্ধ হয়ে গেছে এবং বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, বৃহস্পতিবার রাতে প্রদেশের উত্তরের বেশিরভাগ অংশে তুষারপাতের খবর পাওয়া গেছে, যা শুক্রবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। এতে বিভিন্ন জেলায় রাস্তা বন্ধ হয়ে গেছে। তবে, রাস্তাগুলি পুনরায় চালু করার চেষ্টা চলছে।

এদিকে আজাদ কাশ্মীরে বৃষ্টি ও তুষারপাত অব্যাহত থাকায় অনেক এলাকায় জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। অতিরিক্ত বরফ জমে এই অঞ্চলের অধিকাংশ সড়ক বন্ধ হয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়াও বিদ্যুৎ ও ফোন পরিষেবাও ব্যাহত রয়েছে।
সামা টিভি জানিয়েছে, বহু বছর পর প্রাদেশিক রাজধানী মুজাফফরাবাদ শহরেও হালকা তুষারপাত রেকর্ড করা হয়েছে। নীলম উপত্যকা এবং লিপা উপত্যকায় ভারী তুষারপাত অব্যাহত রয়েছে, এরমধ্যে নীলম উপত্যকায় তিন ফুটেরও বেশি তুষারপাতের খবর পাওয়া গেছে। এছাড়াও পীর চিনাসি, মাকরা গঞ্জা পাহাড়, ঝিলাম ভ্যালি, বাগ, পুঞ্চ এবং হাভেলি জেলায়ও তুষারপাত রেকর্ড করা হয়েছে।
সূত্র: সামা টিভি, ডন
এমএইচআর

