শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

রেকর্ড দামে স্বর্ণ, এত দাম আগে দেখেনি কেউ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬, ১০:০২ এএম

শেয়ার করুন:

gold dhakamail
ঈদের আগে দেশে স্বর্ণের দামে বড় পতন। ছবি: এআই দিয়ে তৈরি

বিশ্ববাজারে রেকর্ড গড়েই চলেছে স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের মূল্য ৪ হাজার ৮০০ ডলারের ঘর অতিক্রম করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বুধবার (২১ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৩০ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ৮২৫ দশমিক ৬৮ ডলারে। লেনদেনের এক পর্যায়ে মূল্যবান এই ধাতুর দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৮৩৫ দশমিক ৬৯ ডলারেও পৌঁছায়।


বিজ্ঞাপন


বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ঝুঁকি এড়াতে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। এর ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা ও দাম—দুটিই দ্রুত বাড়ছে।

এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা দাম বাড়ানোর ঘোষণা দেয় সংগঠনটি, যা আজ থেকে কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।


বিজ্ঞাপন


নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা, যা এ পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ মূল্য।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর