যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)-কে ‘অবাঞ্ছিত সংস্থা’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। এই সিদ্ধান্ত সাম্প্রতিক বছরগুলোতে ক্রেমলিনের সমালোচক, সাংবাদিক এবং কর্মীদের বিরুদ্ধে রুশ সরকারের কঠোর অবস্থানের অংশ, যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের যুদ্ধ শুরু পর থেকে আরও তীব্র হয়েছে।
শুত্রবার রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের অফিস এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়, ২০১৫ সালের একটি আইনের অধীনে এই ধরনের সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ফৌজদারি অপরাধের জন্য দায়ী করা হবে। এর অর্থ হল এইচআরডব্লিউকে রাশিয়ায় তাদের সমস্ত কাজ বন্ধ করতে হবে এবং যারা এই গোষ্ঠীকে সমর্থন বা সহযোগিতা করবে তাদের বিচারের আওতায় আনা হতে পারে।
এদিকে রাশিয়ার এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির নির্বাহী পরিচালক ফিলিপ বোলোপিয়ন এক বিবৃতিতে বলেছেন, ‘তিন দশকেরও বেশি সময় ধরে সোভিয়েত-পরবর্তী রাশিয়ার সরকারকে মানবাধিকার এবং স্বাধীনতা সমুন্নত রাখার জন্য চাপ দিয়ে আসছে এইচআরডব্লিউ। এতো বছরেও আমাদের কাজ পরিবর্তিত হয়নি, তবে নাটকীয়ভাবে যা পরিবর্তিত হয়েছে তা হল রুশ সরকারের স্বৈরাচারী নীতি, দমন-পীড়নের বিস্ময়কর বৃদ্ধি এবং ইউক্রেনে রুশ বাহিনীর যুদ্ধাপরাধের পরিধি।’
শুক্রবার একটি পৃথক বিবৃতিতে রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, তারা রাশিয়ান নারীবাদী পাঙ্ক ব্যান্ড ‘পুসি রায়টে’র বিরুদ্ধে একটি অভিযোগের তদন্ত শুরু করেছে, যা এই গোষ্ঠীটিকে একটি চরমপন্থী সংগঠন হিসাবে মনোনীত করবে।
এদিকে বৃহস্পতিবার রাশিয়ার সুপ্রিম কোর্ট গত বছর কারাগারে প্রয়াত দেশটির বিরোধীদলীয় নেতা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক আলেক্সি নাভালনির প্রতিষ্ঠিত দুর্নীতি দমন ফাউন্ডেশনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে মনোনীত করেছে।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, রাশিয়ার ‘অবাঞ্ছিত সংগঠন’-এর তালিকায় বর্তমানে ২৭৫টিরও বেশি প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে রেডিও ফ্রি ইউরোপসহ বেশকিছু পশ্চিমা সংবাদমাধ্যম এবং চ্যাথাম হাউসের মতো থিঙ্ক ট্যাঙ্ক, দুর্নীতিবিরোধী গোষ্ঠী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর মতো সংস্থাও রয়েছে।
সূত্র: এপি
-এমএইচআর

