বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ঢাকা

সিরিয়ায় ফের হামলা চালাল ইসরায়েল, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

সিরিয়া ফের হামলা চালাল ইসরায়েল, নিহত ১৩

সিরিয়ার রাজধানী দামেস্কের গ্রামীণ অঞ্চলে ইসরায়েলের হামলায় শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এসময় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাসহ কমপক্ষে ২৫ জন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আল-ইখবারিয়া জানিয়েছে, শুক্রবার ভোরে দামেস্কের গ্রামীণ অঞ্চল বেইত জিন ও মাযরাত বেইত জিনের মধ্যবর্তী এলাকায় ইসরায়েলি অভিযান এবং হামলায় নিহতদের মধ্যে দুই নারী ও দুই শিশুও রয়েছে। এই ঘটনার পরপরই কয়েক ডজন পরিবার বেইত জিন শহর থেকে নিকটবর্তী এবং নিরাপদ এলাকায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 


বিজ্ঞাপন


সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানিয়েছে, দুই শিশুসহ কমপক্ষে পাঁচজন সিরিয়ানের মরদেহ কুনেইত্রার আল-সালাম শহরের গোলান জাতীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে সিরিয়ান সিভিল ডিফেন্স জানিয়েছে, তাদের উদ্ধারবারীদলগুলো আহতদের উদ্ধার করতে বেইত জিনে প্রবেশ করতে পারেনি কারণ ইসরায়েলি ড্রোনগুলোও ওই এলাকার ওপর দিয়ে উড়ছে এবং এখনো আক্রমণ চালিয়ে যাচ্ছে। 

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বেইত জিনে ইসরায়েলি সেনাবাহিনীর এই হামলার নিন্দা জানিয়েছে এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে নৃশংস ও ইচ্ছাকৃত গোলাবর্ষণ একটি পূর্ণাঙ্গ ‘যুদ্ধাপরাধের’ সামিল বলে অভিহিত করেছে। 

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানের সময় ছয়জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।


বিজ্ঞাপন


দখলদার বাহিনীর দাবি, তারা ‘আল-জামা ইসলামিয়া’ এর সদস্যদের লক্ষ্য করে এই অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে, যারা দক্ষিণ সিরিয়ার বেইত জিন এলাকায় সক্রিয় ছিল এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছিল।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, বেইত জিনে অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর একটি টহল দলকে ঘিরে ফেলা হয়েছিল, যার ফলে তারা বিমান হামলা এবং কামানের গোলাবর্ষণ শুরু করেছিল। 

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দক্ষিণ সিরিয়ায় প্রায়ই হামলা চালিয়ে আসছে ইসরায়েল। 

সিরিয়ার সরকারি তথ্যে দেখা গেছে, ইসরায়েলি সেনাবাহিনী ২০২৪ সালের ডিসেম্বর থেকে সিরিয়ায় ১ হাজারের বেশি বিমান হামলা এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে ৪০০ টিরও বেশি আন্তঃসীমান্ত অভিযান চালিয়েছে। এর মধ্যে চলতি নভেম্বর মাসে দক্ষিণ সিরিয়ায় ৪৭টি অভিযান চালিয়েছে দখলদাবাহিনী।


সূত্র: আলজাজিরা, আনাদোলু

 

এমএইচআর 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর