মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

গুলির ঘটনার পরদিন গার্ড সদস্যের মৃত্যু, আরেকজনের অবস্থা সংকটপূর্ণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ এএম

শেয়ার করুন:

গুলির ঘটনার পরদিন গার্ড সদস্যের মৃত্যু, আরেকজনের অবস্থা সংকটপূর্ণ
ন্যাশনাল গার্ড সদস্য আর্মি স্পেশালিস্ট সারাহ বেকস্ট্রম এবং এয়ার ফোর্স স্টাফ সার্জেন্ট অ্যান্ড্রু উলফ। ছবি: সিবিএস

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বুধবার ঘটে যাওয়া অ্যাম্বুশ-স্টাইলের গুলিবর্ষণে গুরুতরভাবে আহত দুই ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ড সদস্যের একজন সারাহ বেকস্ট্রম মারা গেছেন এবং অন্যজন জীবন-মরণ সংগ্রামে লড়ছেন বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ২০ বছর বয়সী আর্মি স্পেশালিস্ট সারাহ বেকস্ট্রম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।


বিজ্ঞাপন


তিনি বেকস্ট্রমকে ‘অসাধারণ, সম্মানিত এবং প্রতিশ্রুতিশীল সেবাদানকারী’ বলে উল্লেখ করেন। ট্রাম্প আরও জানান, তিনি ব্যক্তিগতভাবে বেকস্ট্রমের বাবা-মায়ের সঙ্গে কথা বলেছেন।

গুলিতে আহত আরেক সদস্য, ২৪ বছর বয়সী এয়ার ফোর্স স্টাফ সার্জেন্ট অ্যান্ড্রু উলফ, এখনও আশঙ্কাজনক অবস্থায় আছেন। সার্জারির পর তাকে ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে। ট্রাম্প বলেন, ‘উলফ জীবনের জন্য লড়ছে, তার অবস্থা খুবই গুরুতর।’

এই গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন, ২৯ বছর বয়সী রহমানুল্লাহ লাকানওয়ালও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো জানান, দুই গার্ড সদস্যকে হামলার আগের ২৪ ঘণ্টারও কম সময় আগে শপথবদ্ধ করা হয়েছিল। তবে পরে ন্যাশনাল গার্ডের যৌথ টাস্ক ফোর্স জানায়, তারা আগস্ট থেকে জেলায় দায়িত্ব পালন করছিলেন এবং হামলার আগে তাদের আনুষ্ঠানিকভাবে ডেপুটাইজ করা হয়।


বিজ্ঞাপন


তবে তদন্তসংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে, ডেপুটাইজ করা হলেও তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে কোনো অপারেশন পরিচালনা করছিলেন না এবং তাদের গ্রেফতার করার ক্ষমতাও ছিল না।

পিরো বলেন, ‘সন্দেহভাজন রহমানুল্লাহ লাকানওয়াল দীর্ঘ পথ অতিক্রম করে এসে পয়েন্ট ৩৫৭ স্মিথ অ্যান্ড ওয়েসন রিভলভার দিয়ে ‘অ্যামবুশ-স্টাইলে’ হামলা চালান। তার বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলা ও সহিংস অপরাধে অস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।’

থ্যাঙ্কসগিভিংয়ের ঠিক আগের দিন ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর এ ধরনের হামলা যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল। এমন পরিস্থিতিতে অপরাধ দমনের কাজে সামরিক বাহিনীকে ব্যবহারে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে আদালতে এবং নীতিগত পর্যায়ে বিতর্ক চলছে।

এদিকে, হামলার পরপরই ট্রাম্প প্রশাসন আরও ৫০০ ন্যাশনাল গার্ড সদস্য ওয়াশিংটনে পাঠানোর আদেশ দেয়।

লাকানওয়াল ২০২৪ সালে ‘অপারেশন অ্যালাইজ ওয়েলকাম’ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন। পরবর্তীকালে চলতি বছরের শুরুর দিকে সেই আবেদন মঞ্জুর হয়। লাকানওয়াল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের বেলিংহামে তার স্ত্রী ও পাঁচ সন্তানকে নিয়ে বসবাস করছিলেন বলে জানিয়েছেন তার সাবেক বাড়িওয়ালি ক্রিস্টিনা উইডম্যান।

Rah
ন্যাশনাল গার্ডের ওপর হামলাকারী আফগান নাগরিক রহমানুল্লাহ লাকানওয়াল। ছবি: রয়টার্স

প্রসঙ্গত, ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন এই কর্মসূচির আওতায় প্রায় ৭৬ হাজার আফগানকে যুক্তরাষ্ট্রে আনেন।

যুক্তরাষ্ট্রে আসার আগে লাকানওয়াল কান্দাহারে সিআইএ’র একটি বাহিনীতে কাজ করতেন বলে জানিয়েছেন গোয়েন্দা সংস্থার পরিচালক জন র‍্যাটক্লিফ। তিনি জানান, লাকানওয়ালের সঙ্গে তাদের কার্যক্রম আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পরই শেষ হয়ে যায়। তবে লাকানওয়াল ঠিক কোন কাজ করতেন, তা তিনি উল্লেখ করেননি।

কান্দাহার তালেবানের মূল ঘাঁটি হিসেবে পরিচিত। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর (নাইন/ইলেভেন) হামলার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে অভিযান শুরু করলে এই এলাকাটি ছিল তীব্র সংঘাতের কেন্দ্রে। অনুবাদ, প্রশাসনিক সহায়তা এবং সামনের সারির লড়াইসহ সব ক্ষেত্রেই সিআইএ আফগানকর্মী ব্যবহার করত।

বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওবার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রে আসা সব আফগান শরণার্থীকে পুনরায় যাচাই করা প্রয়োজন। যারা আমাদের দেশকে ভালোবাসে না, তাদের আমরা চাই না।’

ওয়াশিংটন ডিসিতে এই হামলাকে ঘিরে তদন্ত চলছে এবং কর্তৃপক্ষ এখনও হামলার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

সূত্র: সিবিএস

এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর