রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আয়াতুল্লাহ খামেনিকে হত্যার ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম

শেয়ার করুন:

আয়াতুল্লাহ খামেনিকে হত্যার ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল!

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার ষড়যন্ত্র ও অভ্যন্তরীণ অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করেছে বলে দাবি করেছেন দেশটির গোয়েন্দাবিষয়ক মন্ত্রী।  

সম্প্রতি ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সিকে (আইএসএনএ) দেওয়া এক সাক্ষাতকারে ইরানি গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব বলেছেন, ‘আমাদের সর্বোচ্চ নেতা ইরানি রাষ্ট্রের “স্তম্ভ”। এই কারণেই শত্রুরা (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) তাকে লক্ষ্যবস্তু করতে এবং আমাদের জাতীয় ঐক্যকে হুমকির মুখে ফেলতে পারে এমন কর্মকাণ্ড পরিচালনা করতে চায়।’ 


বিজ্ঞাপন


তবে ইরানি এই মন্ত্রী তার মন্তব্যে কোন নির্দিষ্ট ষড়যন্ত্র বা ঘটনার প্রতি ইঙ্গিত করছেন কিনা তা তিনি স্পষ্ট করেননি। যদিও ইরানি কর্মকর্তারা প্রায়শই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করে থাকেন। 

এরআগে চলতি বছরের জুনে ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যাচেষ্টার ইঙ্গিত দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, খামেনিকে হত্যা করলে যুদ্ধ বাড়বে না; বরং যুদ্ধ শেষ হবে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও স্থানীয় সংবাদমাধ্যম দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল, কিন্তু সুযোগ না পাওয়ায় তা বাস্তবায়ন করতে পারেনি।

আরও পড়ুন

খামেনিকে হত্যা করতে চেয়েছিলাম সুযোগই পাইনি: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

তিনজন উত্তরসূরি বেছে নিয়েছেন খামেনি

তিনি বলেন, ‘যদি আমরা তাকে দেখতে পেতাম, তাহলে আমরা তাকে শেষ করে দিতাম।’ এমন একটি হামলার জন্য যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে কাৎজ বলেন, এসব ক্ষেত্রে আমাদের যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন হয় না।

প্রসঙ্গত, গত ১৩ জুন যুদ্ধ শুরু হলে ইসরায়েলি হামলার আশঙ্কায় ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ খামেনিকে গোপন বাঙ্কারে সরিয়ে নেয় ইরানের নিরাপত্তা সংস্থাগুলো। সেখান থেকেই নিজের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজনকে মনোনীত করেন তিনি।

অন্যদিকে যুদ্ধের সময় খামেনি কোথায় লুকিয়ে ছিলেন তা যুক্তরাষ্ট্র জানত, তবে তাকে হত্যার কোনো পরিকল্পনা ছিল না বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত ১৭ জুন নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা জানি সেই তথাকথিত সুপ্রিম লিডার (আয়াতুল্লাহ আলী খামেনি) কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, কিন্তু সেখানে তিনি নিরাপদ- আমরা তাকে সরিয়ে (হত্যা করে) ফেলবো না, অন্তত আপাতত নয়।’

সূত্র: মিডল ইস্ট মনিটর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর