মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ঢাকা

গাজায় সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা হামাসের ৬ যোদ্ধাকে হত্যা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম

শেয়ার করুন:

গাজায় সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা ৬ হামাস যোদ্ধাকে হত্যা করল ইসরায়েল

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় সুরঙ্গ থেকে বেরিয়ে আসা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ছয় যোদ্ধাকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ ছাড়াও আরও পাঁচ যোদ্ধাকে আটক করে ইসরায়েলে নিয়ে গেছে তারা। 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার (২১ নভেম্বর) ভোরে পূর্ব রাফাহ’র দুটি পৃথক স্থানে সুড়ঙ্গ থেকে প্রায় ১৫ জন হামাস যোদ্ধা বেরিয়ে আসতে দেখা যায়। স্থল বাহিনীর দেওয়া তথ্যের ভিত্তিতে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালালে ছয় হামাস যোদ্ধা নিহত হয়। 


বিজ্ঞাপন


বিবৃতিতে আরও দাবি করা হয়, আইডিএফের নাহাল ব্রিগেড আরও পাঁচ হামাস যোদ্ধাকে আটক করেছে এবং পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলে নিয়ে গেছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট।

প্রসঙ্গত, গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্পের মধ্যস্ততায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পরও প্রায় পুরো রাফাহ শহর নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে সেখানে মাটির নিচে সুড়ঙ্গের ভেতরে হামাসের প্রায় ২০০ যোদ্ধা আটকা পড়েন। তাদের জীবিত বের করে গাজার অভ্যন্তরে বা অন্য কোনো দেশে পাঠানোর ব্যাপারে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোর আলোচনা চলছিল।

এদিকে ইসরায়েল শর্ত দিয়েছে, সুড়ঙ্গে আটকে থাকা যোদ্ধাদের আগে তাদের কাছে আত্মসমর্পণ করতে হবে। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে হামাস এবং তাদের যোদ্ধারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল


বিজ্ঞাপন


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর