সংযুক্ত আরব আমিরাতে চলমান দু্বাই এয়ার শোতে আকাশে মহড়া দেখানোর সময় ভারতের একটি ‘তেজস’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানটির পাইলট নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটের দিকে দু্বাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।
ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) এক বিবৃতি জানিয়েছে, ‘আজ দুবাই এয়ার শোতে আকাশে উড়ন্ত বিমান প্রদর্শনের সময় একটি আইএএফ তেজস বিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় পাইলট গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করে। ভারতীয় বিমান বাহিনী তার প্রাণহানির জন্য গভীরভাবে শোক প্রকাশ করছে এবং এই শোকের সময়ে তার শোকাহত পরিবারের পাশে রয়েছে। দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য একটি তদন্ত আদালত গঠন করা হচ্ছে।’
এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গেছে, একটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ছে, আর মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এসময় ঘন কালো ধোঁয়ায় ছড়িয়ে পড়ে বিমানবন্দরের চারপাশে।
BREAKING: Tragic news coming in. IAF Tejas fighter crashes at Dubai Air Show, no pilot ejection detected. Prayers. This is only the 2nd accident of the Tejas jet. pic.twitter.com/fmttJTL0jJ
— Shiv Aroor (@ShivAroor) November 21, 2025
প্রসঙ্গত, ভারতের হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (এইচএএল)-এর তৈরি এক আসনের হালকা ‘তেজস’ যুদ্ধবিমানটি একটি ৪.৫-প্রজন্মের মাল্টি-রোল কমব্যাট বিমান, যা বিমান প্রতিরক্ষা, আক্রমণাত্মক আকাশ সহায়তা এবং নিকটবর্তী যুদ্ধ অভিযানের জন্য অত্যন্ত কার্যকরী।
এর আগে, ২০২৪ সালের মার্চ মাসে রাজস্থানের জয়সলমেরে একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। ২০০১ সালে প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের পর থেকে ২৩ বছরের ইতিহাসে সেটাই ছিল তেজস বিমানের প্রথম দুর্ঘটনা। তবে ওই দুর্ঘটনার আগেই পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন।
সূত্র: এনডিটিভি
এমএইচআর

