সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

সুশীলা নয়, নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে কুলমান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম

শেয়ার করুন:

সুশীলা নয় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে কুলমান

নেপালের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে কে থাকবেন-এই প্রশ্নে ‘জেন জি’ আন্দোলনকারীদের অন্দরেই বড় পালাবদল দেখা যাচ্ছে। বুধবার রাত পর্যন্ত সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রায় নিশ্চিত বলে শোনা যাচ্ছিল, কিন্তু বৃহস্পতিবার হঠাৎ সামনে আসে আরেকটি নাম। বিদ্যুৎ সংকট সমাধান করে ‘হিরো’ হিসেবে পরিচিত কুলমান ঘিসিং এখন দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।

কুলমান ঘিসিং নেপালের ইলেকট্রিসিটি অথরিটির (এনইএ) সাবেক প্রধান। ৫৪ বছর বয়সি এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার গত কয়েক বছরে দেশের বিদ্যুৎ ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছিলেন। নেপালের ‘জেন জি’ আন্দোলনকারীরা তাকে একজন দেশভক্ত এবং সবার প্রিয় বলে দাবি করছেন। তাদের মতে, সুশীলা কার্কির তুলনায় ঘিসিং আরও তরুণ ও কার্যকর নেতৃত্ব দিতে পারবেন। 

এর আগে হাজার হাজার তরুণ সমর্থক সুশীলা কার্কিকেই অন্তর্বর্তী সরকারের প্রধানের আসনে দেখতে চাইছিলেন। কিন্তু সংবিধান অনুযায়ী, সাবেক প্রধান বিচারপতিদের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে। 

নেপালের সংবিধান অনুযায়ী, নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তাদের নেতাই প্রধানমন্ত্রী হবেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক অস্থিরতার কারণে এই নিয়ম কার্যকর করা কঠিন। তাই প্রেসিডেন্টের হাতে অন্তর্বর্তী সরকারের প্রধান মনোনয়নের ক্ষমতা রয়েছে। এই প্রেক্ষিতে কুলমান ঘিসিংয়ের নাম আলোচনার কেন্দ্রে এসেছে।

প্রতিবাদী গোষ্ঠীর বিবৃতিতে বলা হয়েছে, 'যেহেতু বলেন্দ্র শাহ আগ্রহ দেখাননি, ধর্মান মেয়র হার্ক সাম্পাং সবার সমর্থন টানতে পারছেন না, আর সুশীলা কার্কি অযোগ্য ও সত্তরোর্ধ্ব- তাই দেশপ্রেমিক এবং সর্বজনপ্রিয় প্রকৌশলী কুলমান ঘিসিংকেই অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

কুলমান ঘিসিং কে?

কুলমান ঘিসিং ১৯৯৪ সালে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ (এনইএ)-তে তার পেশাগত কর্মজীবন শুরু করেন, ধীরে ধীরে পদমর্যাদার উন্নতি হয়। ২০১৬ সালে, ঘিসিংকে এনইএ-এর ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত করা হয়। ওই পদে থাকাকালীন তিনি, দেশের ১৮ ঘন্টা দৈনিক বিদ্যুৎ বিভ্রাট দূর করে নেপালের ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন। সেই সময় থেকে সাধারণ মানুষ তাকে ‘বিদ্যুতের নায়ক’ বলে ডাকতে শুরু করে।

তথ্য বলছে, কেপি শর্মা ওলি সরকারের সঙ্গে মতবিরোধ হয়েছিল তার। তার মেয়াদ শেষের মাত্র কয়েক মাস আগে কেপি শর্মা ওলি সরকার চলতি বছরের ২৪ মার্চ কুলমান ঘিসিংকে এনইএ-এর নির্বাহী পরিচালক পদ থেকে অপসারণ করে। সেই সময় বিরোধী রাজনৈতিক দলগুলি ঘিসিং-এর অপসারণের তীব্র সমালোচনা করেছিল।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর