সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলাকে কেন চায় জেন জি?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলাকে কেন চায় জেন জি?

নেপালে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর আসনে দেখতে চায় দেশটিতে সরকার পতনে সহিংস বিক্ষোভের নেতৃত্ব দেওয়া ‘জেন জি’।  বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে জেন জি নেতাদের আলোচনাও হয়েছে। সুশীলা কার্কির বয়স এখন ৭৩ বছর। তা সত্ত্বেও জেন জি কেন তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে চাইছে?

জেন জি আন্দোলনকারীরা যা বলেছেন, তার থেকে স্পষ্ট, তারা এমন একজনকে চাইছে, যার দুর্নীতিমুক্ত ভাবমূর্তি আছে, যিনি বর্তমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত নন এবং যার অভিজ্ঞতা আছে।

তাদের মতে, সুশীলা কার্কি এই দিক থেকে উপযুক্ত প্রার্থী। সুশীলা কার্কির স্বামী দুর্গাপ্রসাদ সুবেদী একসময় নেপালি কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও সুশীলা কার্কির সঙ্গে রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি প্রথম জীবনে আইনজীবী ছিলেন, তারপর স্থানীয় স্তরে বিচারক হন এবং নেপালের প্রধান বিচারপতি হিসাবে কর্মজীবন শেষ করেন। 

এদিকে রাজধানী কাঠমান্ডুর মেয়র বালেন শাহও কার্কির প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছেন। এতে জেনারেশন-জি আন্দোলনের ঐক্যবদ্ধ প্রার্থী হিসেবে তার অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।

অন্যদিকে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে নেপালে অস্থায়ী সরকারের নেতৃত্ব ঠিক করতে আজ বৈঠকে বসছেন সেনাবাহিনী, প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ও জেনারেশন-জি’র আন্দোলনের প্রতিনিধিরা।

সূত্র জানায়, আন্দোলনের তরুণ নেতারা সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকেই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন চূড়ান্ত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে পারে।

স্থানীয় সংবাদমাধ্যম হিমলয়ান টাইমস জানিয়েছে, প্রথমে কার্কির সহযোগীরা সেনাপ্রধান অশোক রাজ সিগদেলসহ সেনা নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন। এরপর পরিস্থিতি অনুযায়ী বৈঠক প্রেসিডেন্টের সরকারি বাসভবন শীতল নিবাসে গড়াবে।

প্রসঙ্গত, নেপালে এর আগে কোনো নারী দেশের প্রধানমন্ত্রী হননি। যদি সুশীলা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হন, তাহলে তিনিই হবেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী।

সূত্র: ডয়চে ভেলে, হিমলয়ান টাইমস

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর