শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

বাবার মুক্তিতে ট্রাম্পের হস্তক্ষেপ চাইলেন ইমরান খানের দুই পুত্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ০৪:৩০ পিএম

শেয়ার করুন:

বাবার মুক্তিতে ট্রাম্পের হস্তক্ষেপ চাইলেন ইমরান খানের দুই পুত্র

পাকিস্তানের কারাগারে বন্দি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন তর দুই ছেলে সুলেমান খান ও কাসিম খান। ২৮ বছর বয়সী সুলেমান ও ২৬ বছরের কাসিম ইমরান খানের সাবেক স্ত্রী ও ব্রিটিশ প্রযোজক জেমিমা গোল্ডস্মিথের সন্তান এবং তারা দুজনই ব্রিটিশ নাগরিক।

গত বুধবার (১৪ মে) যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, সুলেমান ও কাসিম প্রথমবারের মতো প্রকাশ্যে তাদের বাবার বিষয়ে মুখ খুলেছেন। তারা জানিয়েছেন, আইনি ও অন্যান্য সব পথ ব্যর্থ হওয়ায় তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।


বিজ্ঞাপন


২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ৭২ বছর বয়সী ক্রিকেটার-রাজনীতিবিদ ইমরান খান। একটি দুর্নীতি মামলায় তিনি তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তার বিরুদ্ধে প্রায় ১৫০টি অভিযোগ রয়েছে। তবে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে করে আসছে।

মারিও নাওফাল নামে এক সিটি সাংবাদিক ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার নেন। সঙ্গে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী কনিষ্ঠ পুত্র বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ জরুরি—আর সেটা ট্রাম্পের মতো ব্যক্তিত্বের মাধ্যমেই সবচেয়ে কার্যকর হতে পারে।’

ইমরান খানের পুত্র বলেন, ‘আমরা চাই পাকিস্তানে গণতন্ত্র ফিরে আসুক।’

দুই ভাই তাদের বাবাকে ‘নায়ক’ আখ্যা দিয়ে বলেন—এত দিন তারা প্রকাশ্যে কিছু বলেননি, কিন্তু এখন আর চুপ থাকা সম্ভব হচ্ছে না। যুক্তরাষ্ট্রের সাবেক কর্মকর্তা রিচার্ড গ্রেনেলের সমর্থনের কথা জানিয়ে বড় ছেলে সুলেমান বলেন, ‘বাকস্বাধীনতা ও প্রকৃত গণতন্ত্রে বিশ্বাস করে—আমরা এমন যে কোনো সরকারকে আহ্বান জানাই, বিশেষ করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতা ট্রাম্পকে।’

তারা অভিযোগ করেন, পাকিস্তান সরকার ইমরান খানকে বিচ্ছিন্ন করে রেখেছে। অন্ধকার কক্ষে দীর্ঘদিন একা আটকে রেখেছে। চিকিৎসক বা বাইরের জগতের সঙ্গে কোনো সংযোগ নেই তার। আদালত সাপ্তাহিক সাক্ষাতের অনুমতি দিলেও দুই থেকে তিন মাস পরপর তাদের বাবার সঙ্গে কথা বলার সুযোগ হয়।

গত অক্টোবরে তাদের মা জেমিমা গোল্ডস্মিথ অভিযোগ করেছিলেন, ইমরান খানকে আইনজীবী ও পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এমনকি তার সেলে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

কাসিম বলেন, ‘তিনি টানা ১০ দিন সম্পূর্ণ অন্ধকারে ছিলেন। আমরা চাই আন্তর্জাতিক চাপ তৈরি হোক—এটা শুধু আমাদের বাবার জন্য নয়, বরং পাকিস্তানে বন্দি সব রাজনৈতিক নেতার মানবাধিকার রক্ষার জন্য।’

তাদের মামা যুক্তরাজ্যের সাবেক পরিবেশমন্ত্রী জ্যাক গোল্ডস্মিথ এক্স মাধ্যমে বলেছেন, ‘আমার ভাগনেরা কখনো প্রচারের পেছনে ছোটেনি। কিন্তু এখন তারা তাদের বাবার জন্য, একজন নেতার জন্য মুখ খুলেছে—যিনি পাকিস্তানের জন্য সবকিছু ত্যাগ করেছেন।’

চলতি মে মাসেই ইমরান খানের দল দাবি করে, ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার মধ্যে ইমরান খানের ওপর ড্রোন হামলার আশঙ্কা রয়েছে। এ জন্য তাকে জরুরি ভিত্তিতে মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছিল দলটি।

এমএইচটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর