শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

ইরান-ফিলিস্তিন সম্পর্ক নিয়ে রয়টার্সের নেতিবাচক খবর, ইরান যা বলছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩, ০৬:৪৩ পিএম

শেয়ার করুন:

ইরান-ফিলিস্তিন সম্পর্ক নিয়ে রয়টার্সের নেতিবাচক খবর, ইরান যা বলছে
ইরান-ফিলিস্তিন সম্পর্ক ইস্যুতে নেতিবাচক খবর প্রকাশ করেছে রয়টার্স। ফাইল ফটো: ইরান প্রেস

ইরান-ফিলিস্তিন সম্পর্ক ইস্যুতে নেতিবাচক খবর প্রকাশ করেছে রয়টার্স। এরপর ইরানি কর্তৃপক্ষ এ বিষয়ে বক্তব্য দিয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্স এক রিপোর্টে দাবি করেছিল যে সম্প্রতি হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ইরান সফর করেছেন এবং সেই সময় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি হামাস নেতাকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, হামাস ইরানকে না জানিয়ে এই অভিযান চালিয়েছে। এ কারণে ইরান এই যুদ্ধে সরাসরি জড়িত হবে না।


বিজ্ঞাপন


এরপর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হামাসকে যে ধরনের সাহায্য দেওয়া প্রয়োজন - তার সবই করবে ইরান। তিনি হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের কমান্ডার মোহাম্মাদ দেইফকে লেখা এক চিঠিতে এই ঘোষণা দিয়েছেন।

চিঠিতে জেনারেল কায়ানি বলেন, ‘ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা একটা অসাধারণ বিজয়ের দিকে এগিয়ে চলেছেন। তিনি এ চিঠিতে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন- তেহরান এবং তার মিত্ররা কোনোভাবেই শত্রুর এই বর্বরতা চালিয়ে যাওয়ার সুযোগ দেবে না এবং গাজা ও তার বীর জনগণের ওপর ইহুদিবাদীদেরকে বিজয়ী হতে দেবে না।’

জেনারেল কায়ানি আরও বলেছেন, "ঐতিহাসিক এই যুদ্ধে যা প্রয়োজন আমরা তার সবই করব।" তিনি আরও বলেন, “হামাস সবার কাছে প্রমাণ করেছে, গাজার প্রতিরোধ যোদ্ধারা এই ধরনের অভিযানের উদ্যোগ নেওয়া এবং তা সফল করার ক্ষমতা রাখে। তারা এ কথা প্রমাণ করেছে যে তারা এই ধরনের সংগঠন চালিয়ে নিতে পারে এবং যুদ্ধের ময়দানে তাদের সক্ষমতা রয়েছে।”

বৃহস্পতিবার (গতকাল) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা হামাস কমান্ডারের কাছে জেনারেল কায়ানির চিঠি পাঠানো সম্পর্কে খবর পরিবেশন করেছে।


বিজ্ঞাপন


গতকাল হামাসের শীর্ষ কর্মকর্তা ওসামা হামদান রয়টার্সের এই রিপোর্টকে উড়িয়ে দিয়ে বার্তা সংস্থা ইরনাকে বলেন, "তথ্য দেওয়ার পরিবর্তে, এই সংবাদ সংস্থা মূল্যহীন মিথ্যা খবর প্রকাশ করেছে। প্রতিরোধের অক্ষ হামাস এবং তার সহযোগীদের ভাবমর্যাদাকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এ ধরনের প্রতিবেদন করা হয়েছে। এটা বিশ্বাস করা অসম্ভব।”

জেনারেল কায়ানি ফিলিস্তিনি যোদ্ধাদের অভিনন্দন জানিয়ে তার চিঠিতে বলেছেন, "আপনারা একটি নজরকাড়া বিজয় এবং গুণগত কৃতিত্ব অর্জন করেছেন যা সংঘাতের ইতিহাসে নজিরবিহীন।" তিনি মোহাম্মাদ দেইফকে সুস্পষ্ট আশ্বাস দিয়ে বলেছেন- "প্রতিরোধ যুদ্ধে আপনার ভাইয়েরা আপনার সঙ্গে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছেন।"

কুদস ফোর্সের প্রধান দৃঢ়ভাবে বলেছেন, “প্রতিরোধ ফ্রন্টের ভাইয়েরা আপনাদের সঙ্গেই রয়েছেন এবং তারা শত্রদের লক্ষ্যে পৌঁছাতে দেবেন না।” তিনি জোর দিয়ে বলেন, “অপারেশন আল-আকসা তুফানের পর ফিলিস্তিন এবং মধ্যপ্রাচ্য অঞ্চলটি আগের মতো থাকবে না।"

সূত্র : প্রেস টিভি, ইরনা

এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর