সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী সরকারে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী হয়ে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৩, ০৭:২৮ পিএম

শেয়ার করুন:

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী সরকারের ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী হয়ে
নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। ছবি: বিবিসি

প্রায় ছয় বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ডেভিড ক্যামেরন যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

সোমবার (১৩ নভেম্বর) মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ঋষি সুনাক তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেন।

নিয়োগ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ক্যামেরন বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে আমাকে আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। আমি তা সানন্দে গ্রহণ করেছি।’

ডেভিড ক্যামেরন বলেন, ‘ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংকটসহ নানা ভয়াবহ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি আমরা। বিশ্বজুড়ে বড় এই পরিবর্তনের সময়ে মিত্রদের পাশে দাঁড়ানো, অংশীদারত্ব শক্তিশালী করা এবং আমাদের মতামতগুলো সবার কাছে পৌঁছানো নিশ্চিত করা আমাদের দেশের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’

কনজারভেটিভ পার্টির নেতা ক্যামেরন ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় আসার পর প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়েছিলেন তিনি।

এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সুয়েলা ব্রেভারম্যানকে সরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সম্প্রতি লন্ডন মেট্রোপলিটন পুলিশ ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের প্রতি বাড়তি সহানুভূতি দেখিয়েছে বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন ব্রেভারম্যান।

ক্যামেরনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আগে এই পদে ছিলেন জেমস ক্লেভারলি। তাকে সুয়েলা ব্রেভারম্যানের ছেড়ে যাওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর