শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

ইসরায়েলে হামাসের হামলা শূন্য থেকে হয়নি: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ০৮:২৩ এএম

শেয়ার করুন:

ইসরায়েলে হামাসের হামলা শূন্য থেকে হয়নি: জাতিসংঘ মহাসচিব
ফাইল ছবি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছিল, তা ‘শূন্য থেকে’ হয়নি বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে এসব কথা বলেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘হামাসের হামলা শূন্য থেকে হয়নি। ফিলিস্তিনের মানুষ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের শিকার হয়েছে। তারা তাদের ভূখণ্ড বসতিতে পরিণত হতে এবং সহিংসতায় জর্জরিত হতে দেখেছে। তাদের অর্থনীতি থমকে গেছে। এই মানুষগুলো বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। তাদের দুর্দশার রাজনৈতিক সমাধানের আশা ধূলিসাৎ হয়ে গেছে।’


বিজ্ঞাপন


গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস। এর জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এমনকি উপত্যকাটি অবরুদ্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ দিন ধরে চলা হামলায় সেখানে ৫ হাজার ৭৯১ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের বেশি নিহত হয়েছে।

 আরও পড়ুন

নিরাপত্তা পরিষদের অধিবেশনে জাতিসংঘের মহাসচিব আরও বলেন, ‘ফিলিস্তিনিদের দুর্দশার কারণে হামাসের ভয়ংকর হামলা ন্যায্যতা পেতে পারে না। আর ওই ভয়ংকর হামলার কারণে ফিলিস্তিনি মানুষদের সম্মিলিতভাবে যে শাস্তি দেওয়া হচ্ছে, তা–ও ন্যায্যতা পায় না।’  

ইসরায়েলের নাম উল্লেখ না করে গুতেরেস বলেন, ‘বেসামরিক লোকজনকে রক্ষা করার অর্থ তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা নয়। সুরক্ষা দেওয়ার অর্থ এই নয় যে, ১০ লাখ মানুষকে দক্ষিণে চলে যেতে বলা, যেখানে কোনো আশ্রয় নেই, খাবার নেই, পানি নেই, ওষুধ নেই, জ্বালানি নেই। আর মানুষকে দক্ষিণে যেতে বলে সেখানে বোমাবর্ষণ চালিয়ে যাওয়া হচ্ছে।’

গুতেরেস বলেন, ‘গাজায় মানবিক আইনের যে সুস্পষ্ট লঙ্ঘন আমরা দেখতে পাচ্ছি, তা নিয়ে আমি গভীর উদ্বিগ্ন। আমি স্পষ্টভাবে বলছি, একটি সংঘাতে কোনো পক্ষই আন্তর্জাতিক মানবিক আইনের ঊর্ধ্বে নয়।’

এদিকে নিরাপত্তা পরিষদে গুতেরেসের এমন মন্তব্যের পর জাতিসংঘ মহাসচিবের তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেছে ইসরায়েল।
 
জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত গিলাড ইরদান এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে গুতেরেসের পদত্যাগের দাবি জানিয়ে বলেন, ‘আমি তাকে এ মুহূর্তে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। ইসরায়েলের জনগণ ও ইহুদিদের বিরুদ্ধে চালানো সবচেয়ে জঘন্য অপরাধের প্রতি যারা সহানুভূতি দেখায়, তাদের সঙ্গে কথা বলার কোনো কারণ ও যৌক্তিকতা নেই।’ সূত্র: বিবিসি ও আল জাজিরা

এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর